গ্রুপ পর্ব নিশ্চিত করার সঙ্গে সঙ্গে সামনের চ্যালেঞ্জের জন্য উন্মুখ মিশরের অধিনায়ক মোহামেদ সালাহ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন লড়াইয়ে গোলের ব্যবধান গড়ে দলের জন্য তিন পয়েন্ট এনে দেন সালাহ। টানা দ্বিতীয় জয় এবং গ্রুপের শীর্ষে উঠে আসার পর মিশরের অধিনায়ক এখন পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।
আফ্রিকা কাপ অব নেশনসে শুক্রবার মিশর ১-০ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের প্রথমার্ধের যোগ সময়ে রাইট ব্যাক মোহামেদ হানি দ্বিতীয় হলুদ কার্ডে বেরিয়ে যাওয়ায় মিশর ১০ জনের দলে পরিণত হয়। রেকর্ড সাত বারের চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকার আক্রমণের চাপ সামলিয়ে জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে অধিনায়ক সালাহ বললেন, “অবশ্যই ফলের জন্য খুশি। এটি ছিল কঠিন ম্যাচ। বেশিরভাগ সময় ওরা আধিপত্য দেখিয়েছে। তবে আমাদের পরিকল্পনা কার্যকর হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা তিন পয়েন্ট পেয়েছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবহাওয়া ছিল অসাধারণ। আশা করি, আমরা এভাবেই সামনে এগোতে পারব।”