সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের একটি টেস্ট ক্যাপ নিলামে উঠছে। গত বছর তার একটি ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল প্রায় ৪ লাখ ৭৯ হাজার ৭০০ ডলারে, আরেকটি বিক্রি হয়েছিল ৪ লাখ ৫০ হাজার ডলারে।
স্যার ডন ব্র্যাডম্যানের প্রতিটি স্মারকই একেকটি অমূল্য সম্পদ। এমনই একটি রত্ন ৭৫ বছরের বেশি সময় ধরে এক পরিবারের কাছে সংরক্ষিত ছিল। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকা এই ক্যাপটি অবশেষে প্রকাশ্যে আসছে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘লয়েডস অকশনস’ নিলামে তুলেছে এই ব্যাগি গ্রিন, যা চলবে আগামী ২৬ জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে’ পর্যন্ত।
অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপকে ‘ব্যাগি গ্রিন’ বলা হয়। অস্ট্রেলিয়ানদের কাছে এই ক্যাপ সম্মান ও মর্যাদার প্রতীক। ব্র্যাডম্যানকে অস্ট্রেলিয়ার সবসময়ের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ হিসেবে মনে করা হয়। খেলায় অবসর নেওয়ার ৭৭ বছর পরও এবং মৃত্যুর ২৪ বছর পেরিয়েও তার প্রতি অস্ট্রেলিয়ানদের ভালোবাসা ও আবেগ অব্যাহত।
গত বছর তার একটি ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল ৪ লাখ ৭৯,৭০০ ডলারে। ২০২০ সালে তার আরেকটি ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল সাড়ে ৪ লাখ ডলারে। তবে এবার নিলামে তোলা ক্যাপটির বিশেষত্ব আলাদা। ব্র্যাডম্যানের বেশিরভাগ স্মারক জাদুঘর বা ব্যক্তিগত সংগ্রহে আছে, তবে এই ক্যাপটির অস্তিত্ব এতদিন অজানা ছিল।
ব্র্যাডম্যানের টেস্ট ক্যারিয়ারের শেষ সময়ে তিনি নিজেই এই ক্যাপটি উপহার দিয়েছিলেন এক সতীর্থ ক্রিকেটারকে। সেই ক্রিকেটারের পরিবার ৭৫ বছরের বেশি সময় ধরে ক্যাপটি সংরক্ষণ করেছে। কখনও এটি প্রকাশ্যে আনা হয়নি, বিক্রি হয়নি বা জানানোও হয়নি। প্রমাণীকরণের সব প্রক্রিয়া অনুসরণ করে নিশ্চিত করা হয়েছে, এটি আসলেই ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন। ক্রিকেট ঐতিহাসিকদের মতে, এতকাল ধরে সরাসরি ব্র্যাডম্যানের সঙ্গে সম্পর্কযুক্ত স্মারক এমনভাবে একই পরিবারের কাছে অক্ষত থাকা খুবই বিরল।
১৯৪০-এর দশকের ব্যাগি গ্রিন এখন খুবই দুষ্প্রাপ্য। সেই সময় সাধারণত প্রতি সিরিজে একজন ক্রিকেটারকে একটি করে ব্যাগি গ্রিন দেওয়া হতো, অতিরিক্ত ক্যাপ তৈরি করা হতো না। সময়ের সঙ্গে অনেক ক্যাপ হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে। অল্প যা বেঁচে আছে, প্রতিটিই ইতিহাসের সাক্ষী। সেটি যদি হয় ব্র্যাডম্যানের, তাহলে তা মহামূল্য।
লয়েডস অকশনসের প্রধান লি হেমস বলেন, “এটি ক্রিকেট ইতিহাসের একটি প্রকৃত অংশ, যা স্যার ডন ব্র্যাডম্যান ব্যক্তিগতভাবে উপহার দিয়েছিলেন। ৭৫ বছর ধরে পরিবারের সংরক্ষণ এবং ডনের সঙ্গে সরাসরি সংযোগ থাকায় এটি এখন পর্যন্ত নিলামে ওঠা সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ ব্র্যাডম্যান স্মারক।”
তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া ডে-তে নিলাম শেষ হওয়ার পর এটি সংগ্রাহকদের জন্য ক্রীড়া ঐতিহ্যের প্রতি সম্মানসূচক একটি বিশেষ অভিজ্ঞতা হবে।”
১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট খেলেছেন। সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে তার অবস্থান অবিসংবাদিত। তার টেস্ট ব্যাটিং গড় ৯৯.৯৪, যা বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ উৎকর্ষের প্রমাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তার ক্যারিয়ারের সেরা ছয় বছর বন্ধ থাকায় ধারণা করা হয়, তার রেকর্ড আরও চমকপ্রদ হতো।