হাঁটুর চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন রেয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে।
নতুন বছরের প্রথম ম্যাচে এমবাপেকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে রেয়াল মাদ্রিদ। বাঁ হাঁটুর চোটে ভুগছেন ফরাসি ফরোয়ার্ড। কবে তিনি ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি কোচ শাবি আলোন্সো। তবে বিশ্বকাপজয়ী তারকাকে “যত তাড়াতাড়ি সম্ভব” মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপের সফলতম ক্লাবটি জানায়, এমবাপের বাঁ হাঁটু মচকে গেছে। তবে চোটের মাত্রা কতটা গুরুতর কিংবা কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে তখন কোনো বিস্তারিত জানানো হয়নি।
লা লিগায় রোববার রেয়াল বেতিসের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমবাপের প্রত্যাবর্তন প্রসঙ্গে আলোন্সো বলেন, বিষয়টি এখনও পুরোপুরি পরিষ্কার নয়।
“আমরা সময়টা যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছি, যাতে সে দ্রুত প্রস্তুত হতে পারে। ‘যত তাড়াতাড়ি সম্ভব’ মানে কখন—এটাই আসল প্রশ্ন। আমি জানি না। সুপার কাপ? দেখা যাক। হয়তো পরের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আরও পরিষ্কারভাবে বলতে পারব।”
আগামী বৃহস্পতিবার জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। সেখানে জিতলে ১১ জানুয়ারি ফাইনালে খেলবে তারা, যেখানে প্রতিপক্ষ হবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যকার ম্যাচের জয়ী দল।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন এমবাপে। এর আগে স্পেনের ক্রীড়া দৈনিক ‘মার্কা’ জানিয়েছিল, সুপার কাপে দলের সঙ্গে সৌদি আরবে যাবেন না তিনি। এমনকি ১৭ জানুয়ারি লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ এবং ২০ জানুয়ারি শৈশবের ক্লাব মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত রেয়ালের হয়ে ২৯ গোল করেছেন এমবাপে। লা লিগায় ১৮ গোল নিয়ে তিনি শীর্ষে রয়েছেন।
এ ছাড়া গত বছর সব মিলিয়ে ৫৯ গোল করে রেয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ডেও ছুঁয়েছেন তিনি।