ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয়বার চূড়ায় উঠে আলোচনায় এলেন নিউ জিল্যান্ডের তারকা ড্যারিল মিচেল।
সপ্তাহের মধ্যে বদলে গেছে ওয়ানডে ব্যাটসম্যানদের শীর্ষস্থান। ধারাবাহিক অসাধারণ পারফরম্যান্সের ফলে ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলিকে পেছনে ফেলে চূড়ায় উঠে গেছেন কিউই মিডল অর্ডার ব্যাটসম্যান।
বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ অনুযায়ী, মিচেল এক ধাপ এগিয়ে এনিয়ে দ্বিতীয়বার শীর্ষে পৌঁছেছেন। গত নভেম্বরে তিন দিনের জন্যও তিনি শীর্ষে ছিলেন।
সাড়ে চার বছর পর কোহলি গত সপ্তাহে আবার শীর্ষে উঠে আসলেও এবার তার সিংহাসন ধরে রাখতে পারেননি। ৭৯৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেলেন দ্বিতীয় স্থানে।
ইন্দোরে অনুষ্ঠিত ভারত-নিউ জিল্যান্ড সিরিজের তৃতীয় ও নির্ধারণী ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৩৭ রান করে মিচেল এখন ৮৪৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে। ম্যাচে কোহলি ১২৪ রান করলেও রেটিং বেড়েছে মাত্র ১০ পয়েন্ট। তিন ম্যাচের সিরিজে কিউইরা ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং ভারতের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে।
সিরিজে সব ম্যাচে পঞ্চাশের বেশি রান করেন মিচেল, যার মধ্যে দুটি সেঞ্চুরি। মোট ৩৫২ রান করে তিনি সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।
র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে চারে রোহিত শার্মা। তিনে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ভারতের অধিনায়ক শুবমান গিল আগের মতোই পাঁচে।
ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান, দুইয়ে ইংল্যান্ডের জফ্রা আর্চার। ভারতের কুলদীপ ইয়াদাভের (সপ্তম) অবস্থান কিছুটা নেমেছে। শ্রীলঙ্কার মাহিশ থিকশানা তৃতীয়, দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ চতুর্থ এবং নামিবিয়ার বেনার্ড শুলজ পঞ্চম। অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে।
নিউ জিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ৬ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে। ভারতের হার্শিত রানা ২৭ ধাপ উন্নতি করে ৫০ নম্বরে। আর্শদিপ সিং ১৫ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে অবস্থান করছে।
ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।