মুকামালা ও রাঞ্জানের ঝড়ো ব্যাটিং, এরপর বোলারদের দাপট—সব মিলিয়ে যেকোনো সংস্করণে প্রথমবারের মতো নেদারল্যান্ডসকে হারাল যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্র জিতেছে ৯৩ রানে। শুধু জয়ই নয়, বিশ্বকাপে আইসিসির সহযোগী কোনো দেশের রানের হিসেবে এটিই এখন সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে নেপালের ৮০ রানের জয় ছিল রেকর্ড।
চেন্নাইয়ে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৯৬ রান তোলে যুক্তরাষ্ট্র। জবাবে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস।
তিন নম্বরে নেমে ইনিংসের ভিত্তি গড়ে দেন সাইতেজা মুকামালা। চার ছক্কা ও পাঁচ চারে ৫১ বলে ৭৯ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে শুভাম রাঞ্জানে ঝড় তোলেন শেষ দিকে। তিন চার ও দুই ছক্কায় ২৪ বলে অপরাজিত ৪৮ রান করে দলকে দুইশর কাছাকাছি নিয়ে যান।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৩ রান তুলে ভালো শুরু পায় যুক্তরাষ্ট্র। শায়ান জাহাঙ্গির ১৪ বলে ২০ রান করেন। এরপর অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল (২২ বলে ৩৬) ও মুকামালার ৫২ রানের জুটি দলকে এগিয়ে নেয়। পরে রাঞ্জানের সঙ্গে আরেকটি বড় জুটি গড়ে ইনিংসকে শক্ত ভিত দেন মুকামালা। ৩০ বলে ফিফটি ছোঁয়ার পর সেঞ্চুরির আভাস দিলেও বাস ডে লেডের বলে আউট হন তিনি।
বল হাতে অবশ্য ম্যাচের সেরা হন হারমিত সিং। ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ডাচদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন এই বাঁহাতি স্পিনার। শেডলি ফন শলকউইকও ২১ রানে ৩ উইকেট নেন।
১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নেদারল্যান্ডস। দ্বিতীয় উইকেটে ৩২ রানের জুটি ছাড়া আর কোনো জুটিই জমেনি। ডে লেডে ২৩ ও এডওয়ার্ডস ২০ রান করলেও দলকে টেনে নেওয়ার মতো ইনিংস আসেনি কারও ব্যাট থেকে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.৫ ওভারে ১০৩ রানেই থামে তাদের ইনিংস।
এই জয়ে শুধু রেকর্ডই গড়েনি যুক্তরাষ্ট্র, বরং আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো সংস্করণে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো জয়ও তুলে নিল তারা। বিশ্বকাপের চলতি আসরে এটি তাদের প্রথম জয় এবং সব মিলিয়ে তৃতীয়।