কাঁধের ইনজুরির কারণে পিএসএল ২০২৬ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের হয়ে এবারের আসরে আর দেখা যাবে না তাকে। গত শনিবার পেশাওয়ার জালমির বিপক্ষে ম্যাচের টসের সময় ফ্র্যাঞ্চাইজিটি ইমনের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে।
ঘটনাটি ঘটেছিল লাহোরে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচের সময়। মাঠে আসিফ আলীর সাথে এক সংঘর্ষে ইমনের কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যায়। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় যে এমআরআই রিপোর্টে লিগামেন্ট ছেঁড়ার বিষয়টি ধরা পড়েছে এবং তাকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুতই তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।
পিএসএলে নিজের প্রথম আসরেই বেশ দারুণ শুরু করেছিলেন ইমন। তিন ইনিংসে ১৬১ স্ট্রাইক রেটে তিনি করেন ৭১ রান। বিশেষ করে মুলতান সুলতানসের বিপক্ষে বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ইমনের ১৯ বলে ৪৫ রানের ইনিংসটি দলের জয়ে বড় ভূমিকা রেখেছিল।
ইনজুরির কারণেই গত বৃহস্পতিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ইমনকে। সেই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছিল লাহোর এবং ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল তারা। ম্যাচ শেষে দলের সঙ্গ ত্যাগ করে দেশে ফেরার কথা রয়েছে এই তরুণ ব্যাটারের।