চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে বড় এক সুখবর পেল পিএসজি। চোটের বাধা কাটিয়ে লিভারপুলের বিপক্ষে ফিরতি লেগের দলে ফিরেছেন ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বার্কোলা। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর আবারও অ্যাকশনে দেখা যাবে এই ফরোয়ার্ডকে।
চেলসির বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে অ্যাঙ্কেলের লিগামেন্টে গুরুতর চোট পেয়েছিলেন বার্কোলা। সেই ইনজুরির কারণে গত এক মাসে পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ মিস করেছেন তিনি। এমনকি জাতীয় দলের হয়ে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও মাঠে নামা হয়নি এই ফরাসি তারকার।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে পিএসজি। মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে দ্বিতীয় লেগের লড়াইয়ে নামবে লুইস এনরিকের দল। গুরুত্বপূর্ণ এই অ্যাওয়ে ম্যাচের জন্য বার্কোলাকে নিয়েই দল ঘোষণা করেছেন স্প্যানিশ এই কোচ।
২৩ বছর বয়সী বার্কোলা চলতি মৌসুমে পিএসজির জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন। এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে ১২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬টি গোল। তার ফেরায় লিভারপুলের রক্ষণে বাড়তি চাপ তৈরি হবে বলে আশা করছে প্যারিসের ক্লাবটি।