ইন্দোনেশিয়ার জাকার্তায় রূপকথার গল্প যেন থামছেই না। প্রথমবারের মতো এশিয়ান গেমস হকির বাছাই পর্বে খেলতে গিয়ে একের পর এক ইতিহাস গড়ছেন আইরিন রিয়া আর অর্পিতারা। দুর্দান্ত এই পথচলায় এবার রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে গুঁড়িয়ে দিয়ে বাছাই পর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী হকি দল।
মঙ্গলবার প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা। এশিয়ান গেমসে চারবার অংশ নেওয়া শক্তিশালী সিঙ্গাপুরকে ম্যাচের শেষ কোয়ার্টারে রীতিমতো চেপে ধরে দুই গোল আদায় করে নেয় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই সিঙ্গাপুরের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে মেয়েরা। অষ্টম মিনিটে রিয়ার দুর্দান্ত হিটে লিড পায় দল। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। দ্বাদশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরায় সিঙ্গাপুর। যারা ২০২২ এশিয়ান গেমসেও সপ্তম স্থান অধিকার করেছিল।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও জালের দেখা মেলেনি। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক চার মিনিট আগে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ক্ষিপ্র গতিতে সার্কেলের ভেতর ঢুকে জোরালো হিটে লক্ষ্যভেদ করেন রিয়া। সিঙ্গাপুর ভিডিও রেফারেল নিলেও রেফারি গোলের সিদ্ধান্তেই অটল থাকেন।
৫৮তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠোকেন রিয়া। সতীর্থের ক্রস থেকে গোলমুখের সামনে দাঁড়িয়ে দারুণ এক ফ্লিকে বল জালে পাঠান তিনি। ম্যাচের বাকি সময়টা সিঙ্গাপুর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ বাঁশি বাজতেই ইতিহাস গড়ার আনন্দে মেতে ওঠেন বাংলার অদম্য মেয়েরা।