মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অভিজ্ঞ জুলিয়ান মেথারালের নাম ঘোষণা করেছে। আগামী অক্টোবর মাসে তিনি বর্তমান প্রেসিডেন্ট এড স্মিথের স্থলাভিষিক্ত হবেন।
প্রায় চার দশক ধরে এমসিসির সদস্য হিসেবে যুক্ত থাকা মেথারাল বর্তমানে লন্ডন স্পিরিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পেশাদার ক্যারিয়ার মূলত আর্থিক খাতকেন্দ্রিক। ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের অংশীদার ছিলেন। এর মধ্যে ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান নির্বাহী হিসেবেও সফলতার সাথে কাজ করেছেন তিনি।
ব্যবসায়িক অঙ্গনেও মেথারাল বেশ সুপরিচিত। তিনি জ্বালানি প্রতিষ্ঠান ‘জেনারেল এনার্জি’র প্রতিষ্ঠাতা এবং একই সাথে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জাজ বিজনেস স্কুলের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএ-তে নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
সম্প্রতি ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের ইক্যুইটি বিক্রির প্রক্রিয়াটিও তাঁর তত্ত্বাবধানেই সম্পন্ন হয়েছে। পাওলো আল্টো সিইও নিকেশ আরোরা প্রায় ১৪ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ করে লন্ডন স্পিরিটের ৪৯ শতাংশ মালিকানা কিনে নেওয়ায় দলটি এখন এই প্রতিযোগিতার সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি। ইসিবি গত ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মালিকানা বুঝিয়ে দেওয়ার পর মেথারাল সেখানে চেয়ারম্যান হিসেবে যোগ দেন।
সবচেয়ে বড় বিষয় হলো, মেথারাল যখন প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন, তখন আগামী বছর লর্ডসে অস্ট্রেলিয়ার পুরুষ ও নারী দলের বিপক্ষে অ্যাশেজ সিরিজের গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।