আগের দিন সংবাদ সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি বেশ বড় বড় কথা বলে গেলেও, আজ পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে দেখা গেল একদম বাস্তববাদী রূপে। মিরপুর টেস্ট শুরুর আগে বারবারই আলোচনায় আসছে ২০২৪ সালের সেই রাওয়ালপিন্ডি সিরিজ, যেখানে পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, এবার কি তবে প্রতিশোধের নেশায় মাঠে নামবে পাকিস্তান?
শান মাসুদ অবশ্য এই ‘প্রতিশোধ’ শব্দটিতে বিশ্বাসী নন। তিনি বেশ বিনয়ের সাথেই বললেন, “আমরা ব্যক্তিগতভাবে প্রতিশোধের মতো শব্দ ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ যেভাবে প্রস্তুতি নিয়ে খেলেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল, তখনও তারা লড়াই করে জেতার যে মানসিকতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”
শাহিন আফ্রিদি যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন, সেখানে শান মাসুদ আপাতত বর্তমান নিয়েই থাকতে চান। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো চক্রেই পাকিস্তান পাঁচের ওপরে উঠতে পারেনি, গতবার তো ছিল সবার নিচে। তাই অধিনায়ক মনে করেন, দূরে না তাকিয়ে ধাপে ধাপে এগোনোই বুদ্ধিমানের কাজ। তাঁর পুরো নজর এখন শুধুই বাংলাদেশ সিরিজের ওপর।
মিরপুরের স্পোর্টিং উইকেটে এবার দুই দলের পেসারদের মধ্যে কার শক্তি বেশি—এমন আলোচনাও বেশ তুঙ্গে। বাংলাদেশের বর্তমান বোলিং আক্রমণকে এযাবৎকালের সেরা মানলেও কোনো তুলনায় যেতে রাজি হননি শান মাসুদ। তিনি বলেন, “দুই দলেই মানসম্পন্ন বোলার আছে। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা যেকোনো কন্ডিশনে খেলতে সক্ষম। এখন লক্ষ্য হলো মাঠে সেরা খেলাটা উপহার দেওয়া।”