লা লিগার ট্রফি জয় বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। গত মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। কিন্তু এবার এমন এক অভিজ্ঞতার সাক্ষী হলো কাতালান ক্লাবটি, যা তাদের ইতিহাসে আগে কখনো ঘটেনি। তাই এবারের লিগ শিরোপা জয়কে কিছুটা বেশিই স্পেশাল মনে করছেন দলটির ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
শিরোপা জয়ের সমীকরণ সামনে নিয়ে রোববার কাম্প নউয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। হাইভোল্টেজ এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়ে ট্রফি জয়ের উৎসবে মাতে স্বাগতিকরা। লা লিগার ইতিহাসে এটি বার্সেলোনার ২৯তম শিরোপা। তবে এবারের ট্রফি জয়টি আলাদা এক কারণে—এই প্রথম ঘরের মাঠে রিয়ালকে হারিয়ে শিরোপা উল্লাস করল তারা। বার্সেলোনার জন্য এর চেয়ে মধুর জয় আর কী হতে পারে!
ম্যাচ শেষে ডি ইয়ংয়ের কণ্ঠেও ঝরল সেই আনন্দের প্রতিধ্বনি। মুভিস্টারকে তিনি বলেন:
“এই শিরোপা জয়টি অনেক বেশি স্পেশাল, কারণ নিজেদের আঙিনায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে আমরা এটি জিতেছি। এখন সমর্থকদের সঙ্গে মন খুলে উদযাপন করার সময়।”
তিনি আরও যোগ করেন, “প্রতিটি শিরোপাই জাঁকজমকভাবে উদযাপন করা উচিত। বিশেষ করে লা লিগা, যেটা পুরো এক বছরের লম্বা লড়াইয়ের ফল। এটা পরিষ্কার যে, আমরাই এখন স্পেনের সেরা দল।”
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। নবম মিনিটে ডি-বক্সের সামান্য বাইরে থেকে এক চমৎকার বাঁকানো শটে দলকে এগিয়ে নেন মার্কাস র্যাশফোর্ড। এর ঠিক ৯ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস। বাকি সময় রিয়াল শত চেষ্টা করেও জালের দেখা পায়নি।
লিগের এখনও তিন রাউন্ড বাকি, তবে তার আগেই শিরোপা নিশ্চিত করে ফেলল বার্সেলোনা। ৩৫ ম্যাচে ৩০ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৯১। অন্যদিকে সমান ম্যাচে ২৪ জয় ও ৫ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।