BN

বিসিবি নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ, ৪ জনের বিনা ভোটেই জয়

বিসিবি নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ, ৪ জনের বিনা ভোটেই জয়

আগামী ৭ জুন অনুষ্ঠেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক

আগামী ৭ জুন অনুষ্ঠেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকা অনুযায়ী, ভোটের আগেই অন্তত চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হতে যাচ্ছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি–১–এ রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগ থেকে তিনটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী হয়েছেন মাত্র তিনজন। এ ছাড়া ক্যাটাগরি–৩–এও আছেন একক প্রার্থী।

এমনকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন ঢাকা বিভাগের দুই পরিচালকও। এই বিভাগে দুটি পরিচালক পদের বিপরীতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে আজ যাচাই–বাছাই শেষে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খসরুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অবশ্য আগামীকাল তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে।

নির্বাচন কমিশনের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, প্রস্তাবক ও সমর্থনকারী কাউন্সিলরের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জমা না দেওয়ায় জসিম উদ্দিনের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। ফলে এই বিভাগে আপাতত বৈধ হওয়া দুই প্রার্থী হলেন—ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ।

আপাতত সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম ও রংপুর থেকে মির্জা ফয়সল আমীনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা নিশ্চিতই বলা চলে। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগে দুটি পরিচালক পদের জন্য লড়াই হবে ত্রিমুখী। এখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরীর সঙ্গে ভোটের মাঠে আছেন ফেনীর শরীফুল ইসলাম।

খুলনা বিভাগ থেকেও নির্বাচিত হবেন দুজন পরিচালক। এই বিভাগে ভোটের লড়াইয়ে থাকা তিনজন হলেন—খুলনা জেলা ক্রীড়া সংস্থার শফিকুল আলম, যশোরের শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গার আব্দুছ সালাম। এ ছাড়া বরিশাল বিভাগের একটি মাত্র পরিচালক পদের জন্য মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মিজানুর রহমান এবং ভোলার মুনতাসির আলম চৌধুরী।

ক্লাব পাড়ার বড় লড়াই ক্যাটাগরি-২ এ

ক্যাটাগরি–২–এ ঢাকার মেট্টোপলিটনের ৭৬টি ক্লাব কাউন্সিলরের ভোট থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই হাইভোল্টেজ ক্যাটাগরি থেকে শেষ পর্যন্ত ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই ১৮ জন প্রার্থী হলেন—আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফুর রহমান, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, ধানমন্ডি ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের তামিম ইকবাল, ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম, ঢাকা ওয়ান্ডারার্সের সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংসের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহিম আহমেদ, তেজগাঁও ক্রিকেট একাডেমির বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ, কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের মেজর ইমরোজ আহমেদ ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদ উর রহমান।

এদিকে ক্যাটাগরি–৩–এ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সরকারি সংস্থার কাউন্সিলরদের মধ্য থেকে একজন পরিচালক নির্বাচিত হওয়ার নিয়ম। তবে এখানে আর ভোটের প্রয়োজন পড়ছে না; বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বিসিবির পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন।

পরিচালক পদে বৈধ হওয়া এই ৩৩ জন প্রার্থীর মধ্য থেকেই আগামী ৭ জুনের ভোটে বিসিবির ২৩ জন পরিচালক বেছে নেওয়া হবে। বাকি দুজন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সরাসরি মনোনয়ন পেয়ে। তবে শেষ পর্যন্ত যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন, চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করলেই এটি স্পষ্ট যে—বিসিবির আগামী পরিচালনা পর্ষদ হতে যাচ্ছে তুলনামূলক অনভিজ্ঞ এবং বড় রকমের রাজনৈতিক আশীর্বাদপুষ্ট। প্রার্থীদের প্রায় এক–তৃতীয়াংশই বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্য ও মন্ত্রীদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন। বাকিদেরও একটি বড় অংশ দলটির সক্রিয় রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

সর্বশেষ সংবাদ

প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত

গত পাঁচ বছরে সাফল্য, ব্যর্থতা আর চোটের সাথে লড়াকু

লা লিগায় মরসুম সেরা গোলরক্ষকের পুরস্কার নিজের ঝুলিতে পুরলেন

ফুটবল

প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত ঘেঁষে

ফুটবল

গত পাঁচ বছরে সাফল্য, ব্যর্থতা আর চোটের সাথে লড়াকু দিনগুলোতে

ফুটবল

লা লিগায় মরসুম সেরা গোলরক্ষকের পুরস্কার নিজের ঝুলিতে পুরলেন তিনি।

ফুটবল

লিগ টেবিলে দলের অবস্থান যেমনই হোক না কেন, টটেনহ্যাম হটস্পারের