নেপালকে হারানোর পথে বল হাতে আলো ছড়িয়ে অনন্য দুটি কীর্তি গড়েছেন জেসন হোল্ডার। ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার শুরু করে পরে নিয়েছেন আরও তিনটি। নেপালের বিপক্ষে এই দুর্দান্ত বোলিংয়ে দলের জয়ের ভিত গড়ে দেন এই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার।
মুম্বাইয়ে রোববার নেপালকে ৯ উইকেটে হারিয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয় ক্যারিবিয়ানরা। প্রতিপক্ষকে ১৩৩ রানে আটকে রাখতে ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন হোল্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই তার প্রথম চার উইকেট শিকার। এর আগে দুইবার ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছিলেন তিনি।
বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন হোল্ডার। এটিও তার জন্য বিশেষ এক অর্জন; কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আট ম্যাচে একবারও ‘ম্যান অব দা ম্যাচ’ হননি তিনি।
ওয়াংখেড়েতে নিজের প্রথম ওভারের প্রথম বলেই আসিফ শেখকে বিদায় করেন হোল্ডার। পরের ওভারে ফেরান আসিফের বড় ভাই আরিফ শেখকেও। প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দিলেও, ১৮তম ওভারে কিছুটা খরুচে ছিলেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ও শেষ বলে দুই উইকেট নেন হোল্ডার, খরচ করেন মাত্র সাত রান।
আসরে প্রথম দুই ম্যাচেও জয় পাওয়া দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এখন গ্রুপে শীর্ষ স্থানে। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের পর নেপালকে হারানো দলটি ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ইতালির মুখোমুখি হবে।