টানা দুই হারে সুপার এইটে ওঠার স্বপ্ন এখন অনিশ্চিত অস্ট্রেলিয়ার। আর সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে শ্রীলঙ্কা—দাপুটে পারফরম্যান্সে ৮ উইকেটের জয়ে তারা নিশ্চিত করেছে পরের রাউন্ড।
ম্যাচের মোড় ঘুরে যায় এক অসাধারণ মুহূর্তে। স্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাকওয়ার্ড পয়েন্টে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে শূন্যে ভেসে দুই হাতে বল তালুবন্দি করেন পাথুম নিসাঙ্কা। ধারাভাষ্যকারের কণ্ঠে ভেসে আসে—‘হোয়াট আ ক্যাচ!’ সেই ক্যাচই যেন অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামায়। পরে ব্যাট হাতে সেঞ্চুরি করে ম্যাচটিকে নিজের করে নেন নিসাঙ্কা।
পাল্লেকেলেতে সোমবার ১৮২ রানের লক্ষ্য মাত্র ১৮ ওভারেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা। হাতে ছিল আরও ১২ বল।
অস্ট্রেলিয়ার ইনিংসটা ছিল যেন তিন অধ্যায়ের গল্প। মিচেল মার্শ ও ট্রাভিস হেডের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম আট ওভারে বিনা উইকেটে ৯৭ রান তুলে তারা এগিয়ে যায় বড় সংগ্রহের পথে। ২২০-২৪০ রানের স্বপ্ন তখন অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন—দ্রুত হারায় চার উইকেট।
১৬ ওভারে ৪ উইকেটে ১৬০ রান ছিল অস্ট্রেলিয়ার। ম্যাক্সওয়েল ও জশ ইংলিস তখন জমিয়ে তুলছিলেন জুটি। ঠিক সেই সময় নিসাঙ্কার চোখধাঁধানো ক্যাচে ম্যাক্সওয়েল (১৫ বলে ২২) ফিরতেই ভেঙে পড়ে অজিদের ব্যাটিং। শেষ চার ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলতে পারে মাত্র ২১ রান। থামে ১৮১-এ।
রান তাড়ায় শুরুতে কুসাল পেরেরাকে হারালেও, কুসাল মেন্ডিস ও নিসাঙ্কা দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। মেন্ডিস ৩৮ বলে করেন ৫১ রান। নিসাঙ্কা ছিলেন আরও ভয়ংকর। ১০ চার ও ৫ ছক্কায় ৫২ বলে অপরাজিত ১০০ রান—চলতি আসরের প্রথম সেঞ্চুরি, আর বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয়। ম্যাচসেরা তিনিই।
মেন্ডিস আউট হওয়ার পর পাভান রাত্নায়েকে এসে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। নিসাঙ্কার সঙ্গে তার অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি শ্রীলঙ্কাকে সহজ জয়ের পথে এগিয়ে নেয়। জয়ের জন্য যখন ১৩ রান দরকার, তখন নিজের সেঞ্চুরি থেকে ১১ রান দূরে ছিলেন নিসাঙ্কা। অ্যাডাম জ্যাম্পাকে টানা বাউন্ডারিতে চাপে ফেলে শেষ পর্যন্ত ৫২ বলেই পূর্ণ করেন শতক।
এই জয়ে রেকর্ড বইয়ে নতুন অধ্যায় লিখেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে এটিই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে যেকোনো দলের সর্বোচ্চ সফল রান তাড়াও এটি। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সেরা রান তাড়ার কীর্তিও এখন এই ম্যাচ।
তিন ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্টে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। অন্যদিকে দুই ম্যাচ হেরে চাপে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে নামার আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে, যদি অন্য ফল তাদের বিপক্ষে যায়।
সংক্ষিপ্ত স্কোর
- অস্ট্রেলিয়া: ১৮১ (২০ ওভার)
- শ্রীলঙ্কা: ১৮৪/২ (১৮ ওভার)
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: পাথুম নিসাঙ্কা