পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে বড় ধাক্কা খেল লাহোর কালান্দার্স। বল টেম্পারিং বা বল বিকৃতির দায়ে দলটির অভিজ্ঞ ওপেনার ফাখার জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি জানায়, ফাখার পিএসএলের আচরণবিধির ৩ নম্বর স্তরের নিয়ম লঙ্ঘন করেছেন। ম্যাচ রেফারি রোশন মাহানামার অধীনে অনুষ্ঠিত দীর্ঘ শুনানির পর এই কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী, বল বিকৃতির অভিযোগে সর্বনিম্ন এক থেকে সর্বোচ্চ দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে।
যেভাবে ঘটল পুরো ঘটনা
গত রোববার করাচি কিংসের বিপক্ষে ম্যাচের শেষ ওভারের নাটকীয়তায় এই ঘটনার সূত্রপাত। জয়ের জন্য করাচির তখন ১৪ রান প্রয়োজন। ওভার শুরুর আগে বোলার হারিস রউফের সঙ্গে আলোচনায় মেতেছিলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও ফাখার জামান। সে সময় তাদের হাতে বল ছিল। বিষয়টি আম্পায়ার ফয়সাল আফ্রিদির নজরে এলে তিনি বলটি পরীক্ষা করার জন্য তলব করেন।
আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও ফয়সাল আফ্রিদি দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর নিশ্চিত হন যে, বলের আকৃতি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। এর শাস্তি হিসেবে লাহোরকে ৫ রান পেনাল্টি দেওয়ার পাশাপাশি বলটিও বদলে দেওয়া হয়। শেষ পর্যন্ত ম্যাচটি ৪ উইকেটে হেরে যায় লাহোর।
শুনানি ও পরবর্তী পদক্ষেপ
ফাখার নিজের ওপর আসা অভিযোগ অস্বীকার করায় মঙ্গলবার শুনানির আয়োজন করা হয়। সেখানে শাহিন আফ্রিদি ও লাহোরের টিম ম্যানেজমেন্ট উপস্থিত ছিলেন। তবে সমস্ত তথ্য-প্রমাণ ফাখারের বিপক্ষে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে শাস্তি পেতে হয়।
পিসিবির নিয়ম অনুযায়ী, চাইলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন ফাখার। তবে বর্তমান সিদ্ধান্ত বহাল থাকলে আগামী শুক্রবার মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে লাহোর কালান্দার্সকে।