সামনে ব্যস্ত সূচি মাথায় রেখে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী এক বছরে অজিরা অন্তত ২০টি টেস্ট খেলবে, আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে সংখ্যাটা দাঁড়াবে ২১-এ। এই বিশাল টেস্ট সূচির কারণেই এবারের চুক্তিতে লাল বলের ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে।
চুক্তিতে সবচেয়ে বড় চমক ৩১ বছর বয়সী বাঁহাতি ওপেনার জেইক ওয়েদেরল্ড। গত অ্যাশেজে পাঁচ টেস্ট খেলে চুক্তির তালিকায় নিজের নাম লিখিয়েছেন তিনি। অন্যদিকে অ্যাশেজে দুর্দান্ত বোলিং করা ৩৬ বছর বয়সী মাইকেল নিসারও পুনরায় চুক্তিতে ফিরেছেন।
তবে এবারের তালিকা থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের মতো বড় তারকা। যেহেতু আগামী এক বছরে অস্ট্রেলিয়ার মাত্র ৫টি টি-টোয়েন্টি আছে, তাই কেবল সংক্ষিপ্ত সংস্করণের স্পেশালিস্টদের বদলে টেস্ট খেলোয়াড়দের দিকেই ঝুঁকেছে বোর্ড। এছাড়া অবাক করার মতো বিষয় হলো জাই রিচার্ডসনের বাদ পড়া। ফিটনেস সমস্যার কারণে তিনি বাদ পড়লেও ব্যাক-আপ পেসার হিসেবে তিনি নির্বাচকদের নজরে থাকবেন।
অবসরে যাওয়া উসমান খওয়াজার জায়গায় মূলত সুযোগ পেয়েছেন ওয়েদেরল্ড। যদিও অ্যাশেজে তার গড় ছিল মাত্র ২২.৩৩, কিন্তু ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে তার জুটি নির্বাচকদের ভরসা জুগিয়েছে। এছাড়া ভারতের বিপক্ষে আগামী বছরের শুরুতে পাঁচ টেস্টের সিরিজের কথা মাথায় রেখে অফ স্পিনার টড মার্ফিকেও চুক্তিতে ফেরানো হয়েছে।
সব মিলিয়ে ২৪ জনের সুযোগ থাকলেও বোর্ড আপাতত ২১ জনকে চুক্তিবদ্ধ করেছে। এর ফলে ঘরোয়া ক্রিকেটে ভালো করে মাঝপথে চুক্তিতে ঢোকার পথ খোলা থাকছে ম্যাট রেনশদের মতো ক্রিকেটারদের জন্য।
অস্ট্রেলিয়ার নতুন চুক্তিভুক্ত ক্রিকেটাররা
জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, ব্রেন্ডান ডগেট, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, মাইকেল নিসার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জেইক ওয়েদেরল্ড, বাউ ওয়েবস্টার এবং অ্যাডাম জ্যাম্পা।