পেশাওয়ার জালমির বিপক্ষে বোলিংয়ের শুরু ও শেষটা দারুণভাবে রাঙালেন লাহোর কালান্দার্সের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। নিজের শেষ ওভারের প্রথম বলে ছক্কা খেয়েও দমে যাননি তিনি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ তিন বলে তুলে নিয়েছেন দুই উইকেট।
করাচিতে শনিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে পেশাওয়ারের বিপক্ষে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন মুস্তাফিজ। পুরো ৪ ওভারের স্পেলে ৩০ রান খরচায় তার শিকার ২ উইকেট।
ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজকে প্রথমবার আক্রমণে আনেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সেই ওভারে কোনো বাউন্ডারি না দিয়ে চমৎকার বোলিংয়ে খরচ করেন মাত্র ৪ রান। সপ্তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসেও ছিলেন বেশ মিতব্যয়ী। কোনো উইকেট না পেলেও দেন মাত্র ৫ রান।
দ্বিতীয় স্পেলে ফিরে ১৫তম ওভারে প্রথম চার বলে ৫ রান দিলেও পঞ্চম বলে ছক্কা হজম করেন তিনি। ছন্দে থাকা কুসাল মেন্ডিস তাকে স্কুপ করে ছক্কায় ওড়ান। ওই ওভার থেকে আসে ১৩ রান।
সবচেয়ে রোমাঞ্চকর ছিল ১৯তম ওভার। প্রথম বলেই মাইকেল ব্রেসওয়েল তাকে লং-অন দিয়ে ছক্কা মেরে স্বাগত জানান। তবে চতুর্থ বলেই প্রতিশোধ নেন মুস্তাফিজ। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ব্রেসওয়েল। পরের বলটি ছিল দারুণ এক স্লোয়ার বাউন্সার যেখানে ব্যাটার পরাস্ত হন। শেষ বলে তুলে মারতে গিয়ে লং-অনে ধরা পড়েন আমের জামাল।
এবারের পিএসএলে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মুস্তাফিজের ঝুলিতে জমা হলো ৬ উইকেট। এর আগের ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে কোনো উইকেট না পেলেও এই ম্যাচে স্বরূপে ফিরলেন তিনি।
লাহোরের বোলারদের মধ্যে এদিন সেরা ছিলেন অধিনায়ক শাহিন আফ্রিদি। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে তিনি শিকার করেন ৩ উইকেট। এছাড়া উবাইদ শাহ ও উসামা মির একটি করে উইকেট নেন। বাবর আজমের ৪৩ ও কুসাল মেন্ডিসের ৭৪ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে পেশাওয়ার জালমি।