আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন জস বাটলার। আইপিএলে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার পথে এই ইংলিশ ব্যাটার গড়েছেন দারুণ দুটি কীর্তি।
রোববার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় গুজরাট টাইটান্সের হয়ে ৩৭ বলে ৬০ রানের এক ঝলমলে ইনিংস খেলেন বাটলার। তার এই ইনিংসটি সাজানো ছিল ১১টি চারে।
এই ইনিংস খেলার পথেই টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এই উচ্চতায় পৌঁছাতে বাটলারের লেগেছে ৪৬৮ ইনিংস। তার চেয়ে কম ইনিংসে এই রেকর্ড গড়েছেন কেবল ডেভিড ওয়ার্নার (৪৩১ ইনিংস) ও ক্রিস গেইল (৪২৩ ইনিংস)।
তালিকায় থাকা অন্য দুই তারকা অ্যালেক্স হেলসের লেগেছিল ৫০৫ ইনিংস এবং কাইরন পোলার্ডের ৬৩৩ ইনিংস। বর্তমানে বাটলারের মোট রান ১৪,০২১। তার ঠিক ওপরেই আছেন ওয়ার্নার (১৪,১২১), তিনে হেলস (১৪,৪৪৯), দুইয়ে পোলার্ড (১৪,৪৮২) এবং সবার শীর্ষে অবস্থান করছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল (১৪,৫৬২)।
একই ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটে শততম ফিফটির মাইলফলকও ছুঁয়েছেন বাটলার। ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এই বিরল সম্মান অর্জন করলেন তিনি। ১০৭টি ফিফটি নিয়ে এই তালিকায় দুই নম্বরে আছেন বিরাট কোহলি এবং ১১৬টি ফিফটি নিয়ে সবার উপরে ডেভিড ওয়ার্নার। উল্লেখ্য, বাবর আজমের ফিফটি সংখ্যা এখন ৯৯।
অথচ এবারের আইপিএলে নিজের প্রথম দুই ফিফটির আগে রান পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে বাটলারকে। গত ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ইনিংসে তার গড় ছিল মাত্র ১০.৮৭। আইপিএলের শুরুতেও ঠিক চেনা ছন্দে ছিলেন না। অবশেষে গত বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলে রানে ফেরেন তিনি। পরের ম্যাচে আবারও ২৯ বলে ফিফটি ছোঁয়া ইনিংস খেলে দলকে এনে দিলেন ৭ উইকেটের জয়।