লামিনে ইয়ামালের কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতে হলে মাঠে অভিজ্ঞ ফুটবলারদের সহযোগিতা জরুরি—এমনটাই মনে করেন রেয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গন্সালেস।
বার্সেলোনা ও স্পেন ফুটবলের বড় ভরসা হয়ে ওঠা ইয়ামালের আরও উন্নতির সুযোগ দেখছেন রাউল। তবে এখনই তাকে স্পেন জাতীয় দলের জন্য পুরোপুরি অপরিহার্য মনে করছেন না তিনি। তবুও স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নে ইয়ামালের জাদুকরী পারফরম্যান্সের দিকেই তাকিয়ে আছেন রেয়াল কিংবদন্তি।
পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনা ও স্পেনের জার্সিতে আলো ছড়াচ্ছেন ইয়ামাল। একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি জিতেছেন অনেক ব্যক্তিগত পুরস্কারও। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জেতা, আর ১৬ বছর বয়সে স্পেনের হয়ে ইউরো জয়—সবই তার অসাধারণ প্রতিভার প্রমাণ।
সে সময় কেবল দলের একজন সদস্য হিসেবেই ছিলেন না ইয়ামাল। গোল করা ও করানো—দুই ক্ষেত্রেই রেখেছেন বড় ভূমিকা। ২০২৬ বিশ্বকাপে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের পরিকল্পনার বড় অংশজুড়েই থাকবেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড, তা প্রায় নিশ্চিত।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস–এর সঙ্গে আলাপচারিতায় আসন্ন বিশ্বকাপ ও স্পেনের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে ইয়ামালের প্রসঙ্গ তোলেন ৪৮ বছর বয়সী রাউল।
“আমরা সবাই জানি, সে ভবিষ্যতে একজন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। তবে এই মুহূর্তে লামিনে স্পেন দলে অপরিহার্য নয়। মাঠে নিজের খেলাটা মেলে ধরতে হলে তার অভিজ্ঞ খেলোয়াড়দের সহায়তা প্রয়োজন। প্রতি ম্যাচে তাকে রক্ষা করতে হবে, তার ওপর থেকে বাড়তি চাপ সরিয়ে নিতে হবে,” বলেন রাউল।
তিনি আরও যোগ করেন, “তাকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। সে তরুণ এবং অসম্ভব প্রতিভাবান—ক্লাব ও জাতীয় দলে সেটা সে ইতোমধ্যেই প্রমাণ করেছে।”
১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্পেনের হয়ে খেলেছেন রাউল। ১০২ ম্যাচে জাতীয় দলের জার্সিতে করেছেন ৪৪ গোল। ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন রেয়াল মাদ্রিদে, যেখানে তিনি আজও একজন কিংবদন্তি। মজার ব্যাপার হলো, দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নে তার ভরসার জায়গা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনারই ইয়ামাল।
“আমার মনে আছে, প্রথমবার সরাসরি ওকে খেলতে দেখেছিলাম সান্তিয়াগো বের্নাবেউয়ে, ব্রাজিলের বিপক্ষে এক প্রীতি ম্যাচে। সেদিন ও ছিল সত্যিই ভিন্ন মাত্রার,” স্মৃতিচারণ করেন রাউল।
“আমার মনে হয়, তার খেলায় এখনও কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে। তবে এটা পরিষ্কার—সে যদি নিজের সেরাটা দিতে পারে, তাহলে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে,” যোগ করেন তিনি।
২০২৬ বিশ্বকাপে স্পেন খেলবে ‘এইচ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দ।