ঘরের মাঠের সাফল্য এবার বিদেশের মাটিতেও টেনে নিতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রতিপক্ষের মাঠে পয়েন্ট হারানোর বৃত্ত ভেঙে সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়েই বাছাইপর্ব শেষ করতে মরিয়া তিনি।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারের ক্ষত এখনো দগদগে। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ—শক্তিশালী সিঙ্গাপুরকে তাদেরই মাঠে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। এতে হংকংকে টপকে গ্রুপের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ থাকবে লাল-সবুজদের সামনে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাবরেরা নিজের লক্ষ্যের কথা স্পষ্ট করেই জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। বাছাইপর্বে আমরা ভালো খেললেও প্রত্যাশা অনুযায়ী পয়েন্ট পাইনি। তাই কালকের ম্যাচে ৩ পয়েন্টের জন্য জানপ্রাণ দিয়ে লড়তে চাই। শেষ ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট পাওয়ার সুযোগ আমাকে বেশ রোমাঞ্চিত করছে।”
গত জুনে ঢাকায সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইটা ছিল সমানে সমান। তবে এবার কার্ড সমস্যার কারণে তপু বর্মন ও রাকিব হোসেনের মতো অভিজ্ঞদের পাচ্ছে না দল। প্রথম লেগে গোল পাওয়া রাকিবের অভাব বোধ করলেও কাবরেরা আত্মবিশ্বাসী। পুরনো হার নিয়ে তিনি বলেন, “ঢাকায় আমাদের শুরুটা দুর্দান্ত ছিল, কিন্তু মাঝে আমরা খেই হারিয়ে ফেলেছিলাম। সেই সুযোগে সিঙ্গাপুর আমাদের দুটি ভুলের ফায়দা নিয়ে ম্যাচ জিতে নেয়। তবে শেষ আধঘণ্টায় আমাদের পয়েন্ট পাওয়ার অনেক সুযোগ ছিল। কালকের ম্যাচেও আমরা তেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করছি।”
ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় পেলেও সিঙ্গাপুর ও হংকংয়ের সাথে পয়েন্ট হারানোটা এখনো পোড়াচ্ছে কোচকে। তার মতে, ওই পয়েন্টগুলো পেলে আজ বাংলাদেশ অন্য উচ্চতায় থাকত। তবুও দলের সাম্প্রতিক উন্নতিতে খুশি কাবরেরা আশা করছেন, কালকের ম্যাচে একটি ইতিবাচক ফল দিয়ে রাঙানো যাবে এবারের মিশন।