মৌরিতানিয়ার বিপক্ষে গত শনিবার আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচে লিওনেল মেসি যখন বিরতির পর বদলি হিসেবে মাঠে নামলেন, তখনই সমর্থকদের মনে প্রশ্ন জেগেছিল—ঘরের মাঠে প্রিয় তারকা কেন শুরুর একাদশে নেই?
এর উত্তর আসলে বেশ সহজ। প্রথমত, মেসির বয়স এখন ৩৮। তার ওপর মেজর লিগ সকারে (এমএলএস) ব্যস্ত মৌসুম পার করছেন তিনি। ফিফা র্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দল মৌরিতানিয়ার বিপক্ষে তাই তাকে প্রথমার্ধে বিশ্রাম দেওয়াটা ছিল কোচ লিওনেল স্কালোনির সচেতন সিদ্ধান্ত।
তবে এর পেছনে আরও একটি বড় কারণ আছে। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই আর্জেন্টিনার শেষ ম্যাচ হতে যাচ্ছে। লা বোমবেনারো স্টেডিয়ামে জাম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটি নিয়ে দর্শকদের আবেগ আকাশচুম্বী। ঘরের মাঠে শেষ বিদায়ী ম্যাচে মেসি শুরু থেকে খেলবেন না, এটা ভাবাই যায় না। আজ সংবাদ সম্মেলনে ভক্তদের সেই আশার পালে হাওয়া দিয়ে স্কালোনি নিশ্চিত করলেন, জাম্বিয়ার বিপক্ষে মেসি শুরু থেকেই মাঠে থাকছেন।
মৌরিতানিয়ার চেয়ে জাম্বিয়া (র্যাঙ্কিং ৮১) কিছুটা শক্তিশালী প্রতিপক্ষ। এছাড়া আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচের আগে এএফএ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে সমর্থকদের সামনে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের শুভকামনা জানানো হবে। সব মিলিয়ে উৎসবের আবহে মেসির শুরুর একাদশে থাকাটা ছিল অনুমিতই।
সংবাদ সম্মেলনে স্কালোনি সরাসরি বলেন, “মেসি আগামীকাল শুরু থেকেই খেলবে। সেই সঙ্গে পরিচিত মুখদের প্রায় সবাইকেই দেখা যাবে।”
মৌরিতানিয়া ম্যাচে নতুনদের সুযোগ দিলেও স্কালোনি জানান যে বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা ইতিমধ্যে ফিফার কাছে জমা দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত দল ঘোষণার আগে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কাটছাঁট চলবে শেষ মুহূর্ত পর্যন্ত। গত ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে না পারলেও স্কালোনি আশাবাদী যে জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা তাদের চিরচেনা আক্রমণাত্মক রূপে ফিরবে।
এদিকে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড হোয়াকিন পানিচেল্লির চোট নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্কালোনি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এই তরুণের জন্য বিষয়টি কতটা হৃদয়বিদারক, তা উল্লেখ করে কোচ বলেন, “এটা তার জন্য বড় এক ধাক্কা, যা সে মোটেও প্রাপ্য ছিল না।”
বাংলাদেশ সময় ১ এপ্রিল ভোর ৫টা ১৫ মিনিটে জাম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে সার্বিয়াসহ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যেখানে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে মাঠে নামবেন স্কালোনি।