ইউভেন্তুসের সঙ্গে লুসিয়ানো স্পালেত্তির সম্পর্ক আরও দীর্ঘ হতে চলেছে। ২০২৮ সাল পর্যন্ত ইতালিয়ান এই ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
৬৭ বছর বয়সী স্পালেত্তির সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই মৌসুম বাড়ানোর বিষয়টি শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউভেন্তুস। ইন্টার মিলান, নাপোলি ও ইতালি জাতীয় দলের সাবেক এই কোচ গত অক্টোবরে সেরি আর ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন।
শুরুতে তাকে কেবল চলতি মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি যে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তার চুক্তি নবায়নের একটি সুযোগ রাখা হয়েছিল। যার অন্যতম শর্ত ছিল দলকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা এনে দেওয়া।
স্পালেত্তির অধীনে ইউভেন্তুসের পারফরম্যান্সে দৃশ্যমান উন্নতি এসেছে। বর্তমানে তারা চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে জায়গা করে নেওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে। লিগ টেবিলে দলটি এখন পঞ্চম স্থানে অবস্থান করছে এবং চতুর্থ স্থানে থাকা কোমো থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
আগামী শনিবার লিগ ম্যাচে আতালান্তার মুখোমুখি হবে ইউভেন্তুস। যেখানে জয় পেলে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন আরও জোরালো হবে স্পালেত্তির শিষ্যদের।