জিরোনার বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারানোর পর আরও একবার রেফারি ও ভিএআরের ওপর নিজের ক্ষোভ ঝাড়লেন রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচের ৮৮তম মিনিটে পেনাল্টির জোরালো দাবি উঠলেও রেফারির সাড়া না পাওয়া নিয়ে চলছে তুমুল বিতর্ক।
ম্যাচের শেষ দিকে ডান দিক দিয়ে দ্রুত গতিতে বল নিয়ে ঢোকার সময় জিরোনা ডিফেন্ডার ভিতর রেইসের কনুইয়ের আঘাতে মুখে চোট পেয়ে পড়ে যান কিলিয়ান এমবাপে। রেয়াল মাদ্রিদ পেনাল্টির দাবি জানালেও রেফারি আলবেরোলা রোহাস তাতে কর্ণপাত করেননি। আর এই সিদ্ধান্তই মানতে পারছেন না আরবেলোয়া।
ম্যাচ শেষে আরবেলোয়া বলেন, “যেকোনো বিচারেই এটা নিশ্চিত পেনাল্টি ছিল। এটা স্রেফ আরও একটি ভুল সিদ্ধান্ত যা আমাদের সাথে চলতি মৌসুমে বারবার ঘটছে। আমার বা অন্য কারো কাছেই রেফারির এই আচরণ বোধগম্য নয়।”
রেফারির পাশাপাশি ভিএআরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রেয়াল কোচ। তার মতে, ভিএআর তখনই হস্তক্ষেপ করে যখন তা তাদের জন্য সুবিধাজনক মনে হয়। আরবেলোয়া বলেন, “এটি পরিষ্কার ফাউল ছিল। প্রথমার্ধে এমবাপের বিরুদ্ধে এর চেয়েও ছোট ঘটনায় ফাউল দেওয়া হয়েছিল। মায়োর্কা থেকে শুরু করে এখানে—রেফারিদের নিয়ে সেই পুরনো গল্পই চলছে।”
লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ ড্র করায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল রেয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। শনিবার এস্পানিওলের বিপক্ষে জিতলে বার্সার লিড দাঁড়াবে ৯ পয়েন্টে।
টানা ব্যর্থতার গ্লানি নিয়ে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ খেলতে নামবে রেয়াল। বায়ার্ন মিউনিখের মাঠে ২-১ গোলের ব্যবধান ঘুচিয়ে সেমিফাইনালে ওঠার কঠিন চ্যালেঞ্জ এখন আরবেলোয়ার শিষ্যদের সামনে।