ঘানা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ফেরার পথে এক ভয়াবহ ডাকাতির কবলে পড়েছে দেশটির ফুটবল ক্লাব বেরেকুম চেলসি। সশস্ত্র ডাকাতদের গুলিতে প্রাণ হারিয়েছেন দলটির ২০ বছর বয়সী তরুণ উইঙ্গার ডমিনিক ফ্রিমপং।
লিগে গত রোববার সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে এই অতর্কিত হামলার শিকার হয় ক্লাবটি। বিপদ টের পেয়ে বাসের চালক দ্রুত গাড়িটি ঘুরিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে ডাকাতরা। একটি গুলি ফ্রিমপংয়ের মাথায় সরাসরি আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি; চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় দলের অন্য সদস্যরা প্রাণে বেঁচে গেলেও ফ্রিমপংয়ের মৃত্যুতে ঘানার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এক শোক বিবৃতিতে জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনা পুরো ফুটবল পরিবারের জন্যই এক বিশাল ধাক্কা। উদীয়মান এই ফুটবলারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার ক্লাব ও সমর্থকরাও।