“ওর এখানে আসা নিয়ে গত কয়েক দিনে আমাদের কথা হয়েছে,” জানালেন রাজশাহী ওয়ারিয়র্সের কিউই অলরাউন্ডার জিমি নিশাম।
গত কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল—বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দেখা যেতে পারে কেন উইলিয়ামসনকে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এবার সেই ধোঁয়াশার অনেকটাই কাটালেন নিশাম। তার ভাষ্য অনুযায়ী, বিপিএলে উইলিয়ামসনের আসা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে তার দলের ফলাফলের ওপর।
বর্তমানে এসএ টোয়েন্টিতে ডারবান’স সুপার জায়ান্টসের হয়ে খেলছেন উইলিয়ামসন। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলে প্রায় দশ দিন আগে বিপিএলে রাজশাহী দলে যোগ দেন নিশাম।
এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল রাজশাহী ওয়ারিয়র্স। ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে উঠেছে তারা। ফাইনালের টিকিট পেতে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
এই ম্যাচে জিতলে সরাসরি ফাইনালে যাবে রাজশাহী। হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। যে ফলই হোক না কেন, দলের পরের ম্যাচে উইলিয়ামসনকে দেখা যেতে পারে—সোমবার সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতই দেন নিশাম।
“আমাদের নিয়মিতই কথা হয়। অনেক বছর ধরে আমরা একসঙ্গে খেলেছি। এই টুর্নামেন্টের শেষ দিকে ওর এখানে আসা নিয়েও গত কয়েক দিনে আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে সে এসএ টোয়েন্টিতে ব্যস্ত আছে। কিছু ফলাফল আমাদের পক্ষে গেলে তবেই বিষয়টা সম্ভব হবে,” বলেন নিশাম।
তিনি আরও যোগ করেন, “ভাগ্য ভালো হলে আমরা ওকে বাংলাদেশে আনতে পারব। আমার মনে হয়, অনেক দিন হয়ে গেছে সে এখানে খেলেনি।”
এসএ টোয়েন্টির প্রাথমিক পর্বে উইলিয়ামসনের দলের ১০ ম্যাচ শেষ হয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে তারা আপাতত পয়েন্ট তালিকার চার নম্বরে রয়েছে। তবে জোবার্গ সুপার কিংসের এখনও সুযোগ আছে তাদের টপকে প্লে-অফে ওঠার। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে সোমবার পার্ল রয়্যালসকে হারাতে পারলে সুপার জায়ান্টসকে ছিটকে দিয়ে প্লে-অফ নিশ্চিত করবে সুপার কিংস। সেক্ষেত্রে টুর্নামেন্ট শেষ হয়ে যাবে উইলিয়ামসনের, আর তখনই বাংলাদেশের পথে উড়াল দেওয়ার সুযোগ তৈরি হবে তার।
বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৯টায় শুরু হবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ। যদি সুপার কিংস হেরে যায়, তাহলে সুপার জায়ান্টস খেলবে এলিমিনেটর ম্যাচে, যা অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনালের আগের দিন।
নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় দলের চেয়ে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি সময় দিচ্ছেন উইলিয়ামসন। বিশ্বের নানা দেশে খেললেও এখনো বিপিএলে তার অভিষেক হয়নি।
উইলিয়ামসনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও নিশামের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত রাজশাহী। ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিপিএল ছেড়ে যাওয়ার কথা ছিল এই অলরাউন্ডারের। সিরিজ শুরু বুধবার। তবে রাজশাহীর কোচ হান্নান সরকার সোমবার সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন, রাজশাহী ফাইনালে উঠলে সেই ম্যাচ খেলেই জাতীয় দলে যোগ দেবেন নিশাম।
হান্নান সরকার বলেন, “জাতীয় দলের খেলা থাকলেও নিশাম বিপিএলের শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে থাকবে। আমরা যখন অনুরোধ করেছি, তখন সে নিজেও আগ্রহ দেখিয়েছে। তবে জাতীয় দলের খেলা থাকায় বিষয়টা সহজ ছিল না। দলে নিশামের মতো একজন খেলোয়াড় কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানি।”
তিনি আরও জানান, “এনওসি থেকে শুরু করে বোর্ডের সঙ্গে যোগাযোগ—সব প্রক্রিয়াই নিশাম নিজে সম্পন্ন করেছে। রাজশাহী ফাইনালে উঠলে সেই ম্যাচ খেলেই সে জাতীয় দলে যোগ দেবে।”