অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের ম্যাচে খেলা হলো মাত্র ১০ ওভার। প্রকৃতির বাধায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।
বুলাওয়ায়োতে মঙ্গলবার ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরুই হয় এক ঘণ্টা দেরিতে। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হওয়ায় টস হতে সময় লাগে। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর খেলা শুরু হলেও কিছুক্ষণ যেতে না যেতেই আবারও হানা দেয় বৃষ্টি। দ্বিতীয় দফার সেই বৃষ্টিতেই ভেস্তে যায় ম্যাচটি।
বৃষ্টির কারণে ম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনা হয়েছিল। টস জিতে বাংলাদেশ কিউইদের ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট হাতে নিউ জিল্যান্ড শুরুটা আক্রমণাত্মকই করে। ম্যাচের চতুর্থ বলেই আল ফাহাদের বলে ছক্কা হাঁকান হুগো বোগ। তবে পরের ওভারেই ইকবাল হোসেন কিউই ওপেনারের স্টাম্প ভেঙে দিয়ে প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশকে।
এরপর আর উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। ওপেনার আরিয়ান মান ৩টি চারের সাহায্যে ৩৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে নেমে অধিনায়ক টম জোন্স ১৮ বলে এক ছক্কায় করেন ১৬ রান।
১০ ওভার শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৭ রান। ঠিক তখনই আবার বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
ভারতের বিপক্ষে হার দিয়ে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। দুটি ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে আজিজুল হাকিমের দল। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ জিল্যান্ড। চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ভারত।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
- নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ১০ ওভারে ৫৭/১
- (আরিয়ান মান ২০*, হুগো বোগ ৮, টম জোন্স ১৬*; ইকবাল হোসেন ৩–০–১২–১)