BN

বিসিবির মাঠ উন্নয়ন সংক্রান্ত সংবাদ সম্মেলনে উত্তেজনা

বিসিবির মাঠ উন্নয়ন সংক্রান্ত সংবাদ সম্মেলনে উত্তেজনা

মাঠে সংবাদকর্মীদের প্রবেশে বিধিনিষেধ নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিসিবি পরিচালক

মাঠে সংবাদকর্মীদের প্রবেশে বিধিনিষেধ নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ।

দেশের বিভিন্ন স্টেডিয়ামে সেন্টার উইকেট ও অনুশীলন উইকেট মিলিয়ে মোট ১৩৭টি নতুন উইকেট তৈরির পরিকল্পনা তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিবির গ্রাউন্ডস কমিটি। প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো পরিকল্পনা ব্যাখ্যা করেন কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ। এরপর শুরু হয় দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব। তবে শেষ দিকে গিয়ে হঠাৎ করেই পাল্টে যায় পুরো পরিস্থিতি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদকর্মীদের প্রবেশে আরোপিত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন করা হলে সাবেক এই অধিনায়ক ক্ষোভ প্রকাশ করেন। তর্কাতর্কি আর বাক্য বিনিময়ের মধ্য দিয়ে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ।

সারা বছরই শের-ই-বাংলা স্টেডিয়ামে নির্দিষ্ট ফটক দিয়ে সংবাদকর্মীদের প্রবেশাধিকার ছিল। কিন্তু গত শনিবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হঠাৎ করেই কিছু বিধিনিষেধ আরোপ করে বিসিবি। ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং বিসিবি নির্ধারিত নির্দিষ্ট অনুশীলন ছাড়া সংবাদকর্মীদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ক্রীড়া সাংবাদিকদের দুটি সংগঠন বিসিবিতে আলাদা আলাদা প্রতিবাদপত্র পাঠায়। তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দায়িত্বশীল কেউ মন্তব্য করতেও রাজি হননি। বিধিনিষেধ আরোপের পর গ্রাউন্ডস কমিটির এই আয়োজনই ছিল বিসিবিতে প্রথম সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে খালেদ মাসুদের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির আরেক পরিচালক ও হাই পারফরম্যান্স কমিটির প্রধান আব্দুর রাজ্জাক এবং গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন।

বর্তমানে বাংলাদেশের তিন টেস্ট ভেন্যু—মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি খুলনা, রাজশাহী, বগুড়া, বরিশাল, কক্সবাজার, বিকেএসপি ও পূর্বাচলসহ দেশের বিভিন্ন মাঠে নতুন সেন্টার উইকেট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মাঠের আশপাশের ফাঁকা জায়গা চিহ্নিত করে সেখানে উইকেট তৈরি করা হবে। বিসিবির গ্রাউন্ডস কমিটির তত্ত্বাবধানে স্থানীয় কিউরেটররাই এসব উইকেট প্রস্তুত করবেন। খালেদ মাসুদ জানান, আগামী জুনের মধ্যে প্রথম ধাপে ১৩৭টি উইকেট তৈরির কাজ শেষ করাই তাদের লক্ষ্য। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ।

তবে এই প্রকল্পের সম্ভাব্য বাজেট কত—সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি।

সবকিছু ঠিকঠাক চললেও সংবাদ সম্মেলনের শেষ ভাগে এসে পুরো আবহ বদলে যায়। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে চাপা পড়ে যায় আগের আলোচনাগুলো।

সাংবাদিকদের মাঠে প্রবেশের বিধিনিষেধ নিয়ে প্রশ্ন করা হলে খালেদ মাসুদ বলেন, “আজকে ছিল আমার প্রেজেন্টেশন নিয়ে, আপনাদের নিয়ে সমন্বয়ে একটা কাজ করা…আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি… আমি জানি না… আপনাদের সবার খুশি হওয়া উচিত…।”

এরপর তাকে প্রশ্ন করা হয়, বিসিবি কি নিজেদের সুবিধামতো সংবাদমাধ্যমকে ব্যবহার করছে কি না। জবাবে তিনি বলেন, “আমরা এত সুন্দরভাবে এত কথা বলেছি… আমার মনে হয়, প্রশ্নটা আপনি এমনভাবে করছেন, আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য… ঠিক আছে…।”

এ কথা বলেই তিনি উঠে দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হন। তখন তাকে প্রশ্ন করা হয়, “আপনি যাচ্ছেন কেন?” উত্তরে তিনি বলেন, “পরিচালক হিসেবে নয়, ব্যক্তিগতভাবে বলছি, আপনার প্রশ্ন করাটা আমার পছন্দ হয়নি বলে চলে যাচ্ছি…।”

যদিও ‘চলে যাচ্ছি’ বললেও তখনই কক্ষ ছাড়েননি তিনি। তর্ক-বিতর্ক আরও বাড়তে থাকে। একপর্যায়ে তিনি বলেন, “আমার মনে হয়, একজন-দুজন মানুষ পরিবেশ নষ্ট করে দিলেন… থ্যাংক ইউ ভেরি মাচ…।”

বারবার উঠে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি কিছুক্ষণ সেখানেই থাকেন। সংবাদকর্মীদের সঙ্গে তার তর্ক ক্রমেই তীব্র হয়। একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কক্ষে হট্টগোল শুরু হয়। শেষমেশ সেই হইচইয়ের মধ্যেই সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান খালেদ মাসুদ।

সর্বশেষ সংবাদ

নেটে নিজের দেশের ব্যাটসম্যানদেরও ছাড়েন না বুমরাহ, জানালেন ইশান

“ভালো একটি দলে যা যা দরকার, সবই আছে এই

সাইম আইয়ুবের দারুণ উন্নতির ফলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে

ক্রিকেট

নেটে নিজের দেশের ব্যাটসম্যানদেরও ছাড়েন না বুমরাহ, জানালেন ইশান কিষান

ক্রিকেট

“ভালো একটি দলে যা যা দরকার, সবই আছে এই দলে”—বলছেন

ক্রিকেট

সাইম আইয়ুবের দারুণ উন্নতির ফলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছেন

ক্রিকেট

বিশ্বকাপের পর মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিলেই এত বিতর্ক তৈরি