বয়সের ভারে অনেকেই যেখানে অবসরের শান্ত জীবন বেছে নেন, সেখানে জেমস অ্যান্ডারসন যেন উল্টো রথের যাত্রী। ৪৪ ছুঁইছুঁই বয়সেও বল হাতে তিনি সেই পুরনো জাদুকর। ইংলিশ ক্রিকেটের নতুন মৌসুমের শুরুতেই ল্যাঙ্কাশায়ারের এই কিংবদন্তি বুঝিয়ে দিলেন, ধার কমেনি মোটেও। নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে নতুন মৌসুমে নিজের প্রথম ম্যাচেই তুলে নিলেন ক্যারিয়ারের ৫৬তম ৫ উইকেট।
পেশাদার ক্রিকেটে এটি অ্যান্ডারসনের ২৬তম মৌসুম। অথচ সুইং আর গতির মিশেলে তিনি এখনও তরুণদের জন্য ত্রাস। কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই ৬৪ রান খরচায় ৫ উইকেট শিকার করে নর্থ্যাম্পটনশায়ারের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৫ ম্যাচ খেলে তার উইকেটের সংখ্যা এখন দাঁড়িয়েছে ১ হাজার ১৪৮টিতে।
২০২৪ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও অ্যান্ডারসনের ক্রিকেটের প্রতি ক্ষুধা কমেনি একবিন্দু। যদিও সেই বিদায়টা অনেকটা ইংল্যান্ড দলের ভবিষ্যতের কথা ভেবেই নিতে হয়েছিল তাকে। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেটের অবিশ্বাস্য এক ক্যারিয়ার শেষে তিনি জাতীয় দলের পেস বোলিং পরামর্শক হিসেবেও কাজ শুরু করেছেন। কিন্তু সাদা পোশাকে বল হাতে দৌড়ানোর আনন্দটা তিনি এখনও ছাড়তে পারেননি।
গত মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে মাত্র ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। এমনকি ১১ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেও ২০টি উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। ল্যাঙ্কাশায়ারের নিয়মিত অধিনায়ক কিটন জেনিংস সরে দাঁড়ানোয় এবার অ্যান্ডারসনকেই দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই অ্যান্ডারসন ও তার সঙ্গী টম বেইলির তোপে নর্থ্যাম্পটনশায়ার ২১৫ রানেই ৯ উইকেট হারিয়ে ধুঁকছে। অ্যান্ডারসন আবারও প্রমাণ করলেন, বয়সটা তার কাছে কেবল একটি সংখ্যা মাত্র।