সবশেষ ১৩ ম্যাচের ১২টিতে অপরাজিত থেকেই রেয়াল মাদ্রিদের মাঠে খেলতে যাচ্ছে রেয়াল বেতিস।
দারুণ ছন্দে থাকা বেতিসের সামনে এবার কঠিন পরীক্ষা—সান্তিয়াগো বের্নাবেউ। ম্যাচটি যে সহজ হবে না, সেটি স্বীকার করে নিয়েছেন কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। তবে তার বিশ্বাস, নিজেদের সেরাটা মাঠে তুলে ধরতে পারবে তার দল।
লা লিগার এই ম্যাচটি বের্নাবেউয়ে অনুষ্ঠিত হবে রোববার, বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৩ ম্যাচে মাত্র একবারই হেরেছে বেতিস, সেটিও লা লিগায় বার্সেলোনার বিপক্ষে। বাকি ১২ ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে তারা, ড্র করেছে তিনটি। গেল বছরের শেষ ম্যাচে গেতাফেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে দলটি।
রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেল্লেগ্রিনি শনিবার সংবাদ সম্মেলনে জানান, বের্নাবেউয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার দল সব দিক থেকেই প্রস্তুত।
“দল দারুণ অবস্থায় ফিরে এসেছে, ছেলেরা খুব অনুপ্রাণিত এবং এই সপ্তাহে সব অনুশীলন সেশনে তারা কঠোর পরিশ্রম করেছে। যদিও ক্রিসমাস, নববর্ষ এবং থ্রি কিংস ডে’র মধ্যে সবসময় উৎসবমুখর পরিবেশ থাকে। তবে আমি মনে করি তারা ভালো ম্যাচ খেলার জন্য খুবই মনোযোগী, ঠিক যেমনটি আমরা গেতাফের বিপক্ষে সবশেষ ম্যাচে ছিলাম।”
“আমরা কঠিন স্টেডিয়ামে যাচ্ছি, একটি দুর্দান্ত দলের বিপক্ষে। তবে আমরা আত্মবিশ্বাসী যে, আমরা আমাদের খেলাটি খেলতে পারব।”
১৭ ম্যাচে ৭টি জয় ও ৭টি ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে রেয়াল বেতিস। অন্যদিকে, ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান শিরোপাধারী বার্সেলোনা।