বুন্ডেসলিগার রোমাঞ্চকর এক লড়াইয়ে ফ্রেইবুর্কের বিপক্ষে হারতে হারতে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের হ্যাটট্রিক গোলের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে মাঠ ছেড়েছে ভেঁসো কম্পানির দল। এই জয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন।
শনিবারের এই রুদ্ধশ্বাস ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও আসল নাটক শুরু হয় বিরতির পর। ৪৬ মিনিটে ইয়োহান মানজাম্বির গোলে লিড নেয় ফ্রেইবুর্ক। এরপর ৭১ মিনিটে লুকাস উলার ব্যবধান দ্বিগুণ করলে বায়ার্নের হার সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু হয় ৮১ মিনিটে, যখন টম বিশফ এক গোল পরিশোধ করে ম্যাচে প্রাণ ফেরান।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও টম বিশফের ম্যাজিক; তার গোলে সমতায় ফেরে বায়ার্ন। তবে নাটকীয়তার তখনও শেষ অঙ্ক বাকি ছিল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ অতিরিক্ত সময়ের নবম মিনিটে লেননার্ট কার্ল গোল করে বায়ার্নকে এক অবিশ্বাস্য জয় উপহার দেন। হ্যারি কেইনকে ছাড়াই এমন লড়াকু জয় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামার আগে বায়ার্ন শিবিরে আত্মবিশ্বাস জোগাবে।
২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৬১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের ডেরায় নামার আগে এই জয়টি ছিল কম্পানির শিষ্যদের জন্য এক বড় স্বস্তি।