আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হাইভোল্টেজ লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে এখন লামিনে ইয়ামাল। গত ম্যাচে এই তরুণ ফরোয়ার্ডের আচরণ নিয়ে জলঘোলা হলেও তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছেন কোচ হান্সি ফ্লিক। সংবাদ সম্মেলনে ফ্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়ামালকে আগলে রাখা এবং তাকে মানসিকভাবে সমর্থন দেওয়া তার অন্যতম প্রধান দায়িত্ব।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে বুধবার দিবাগত রাত ১টায় কাম্প নউয়ে আতলেতিকোর মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগে গত শনিবার লা লিগার ম্যাচে মেত্রোপালিতানোতে আতলেতিকোকে ২-১ গোলে হারিয়েছিল কাতালানরা। সেই ম্যাচে দুর্দান্ত খেললেও গোল না পাওয়ায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ইয়ামাল।
চ্যাম্পিয়ন্স লিগের মহারণের আগে সেই ঘটনার রেশ কাটছে না দেখে ফ্লিক মনে করিয়ে দিলেন ইয়ামালের বয়স মাত্র ১৮ বছর। তিনি বলেন, “সেদিন সে উইং ধরে জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। আমাদের বুঝতে হবে তার বয়স এখনো অনেক কম, অথচ সে একজন অবিশ্বাস্য ফুটবলার। গত ম্যাচটা আবারও দেখলে বুঝবেন সে কী করতে পারে; একা পাঁচজনকে কাটিয়ে গোল করার খুব কাছাকাছি চলে গিয়েছিল সে। শেষমেশ গোল না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ছিল।”
অল্প বয়সেই বার্সেলোনা ও স্পেন দলের আক্রমণের প্রাণভোমরা হয়ে উঠেছেন ইয়ামাল। তার প্রতি প্রত্যাশার চাপও আকাশচুম্বী। তাই তাকে কক্ষপথে রাখতে সতর্ক হান্সি ফ্লিক। তিনি আরও যোগ করেন, “সে আবেগপ্রবণ এবং একজন অ্যাথলেটের জন্য এটা ভালো গুণ। আমি সব সময় তার পাশে থাকব। সে সব সময় শোরগোল তোলার জন্য কিছু করে না। আমি তাকে বলেছি যে, আমি সব সময় তাকে রক্ষা করব। ইয়ামাল একজন অসাধারণ ফুটবলার, সম্ভবত ভবিষ্যতের সেরা।”