মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলা। পাশাপাশি ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শারমিন আক্তার ও দিলারা আক্তার।
উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন শারমিন। এই সংস্করণে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন তিনি। অন্যদিকে লম্বা লাফে প্রথমবারের মতো সেরা একশ ব্যাটারের তালিকায় ঢুকেছেন দিলারা।
মঙ্গলবার নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
গত শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয়ে ১টি ছক্কা ও ৫টি চারে ৫২ রানের ইনিংস খেলেন শারমিন। এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে এখন তিনি ৩৫ নম্বরে। এর আগে তার সেরা অবস্থান ছিল ৫৬তম।
গত এক সপ্তাহে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করেন দিলারা। এই পারফরম্যান্সে ৩৩ ধাপ এগিয়ে যৌথভাবে ৭০তম স্থানে উঠে এসেছেন তিনি।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। তবে চার ধাপ পিছিয়ে এখন তিনি ২২তম স্থানে।
সবশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করা সোবহানা মোস্তারির উন্নতি হয়েছে ১১ ধাপ। তিনি এখন যৌথভাবে ৫২তম। এছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন স্বর্ণা আক্তার।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। আর বোলারদের তালিকায় এক নম্বরে তারই সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড।
নামিবিয়ার বিপক্ষে ৫ রানে ৩ উইকেট এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নেওয়া লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে।
নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নেওয়া ফাহিমা খাতুন এগিয়েছেন ৬ ধাপ, অবস্থান এখন ৩০তম। একই ম্যাচে ৪ উইকেট নেওয়া সানজিদা আক্তার মেঘলাও ৬ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৪তম স্থানে।
এছাড়া সুলতানা খাতুন এক ধাপ এগিয়ে ৮১তম এবং ফারিহা তৃষ্ণা তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে আছেন।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। দুই ধাপ উন্নতি করে রাবেয়া খান উঠে এসেছেন ২৮ নম্বরে, বাংলাদেশিদের মধ্যে যা সর্বোচ্চ।