পিএসএল নিলামের আগে মুলতান সুলতান্স ছেড়ে দিলেন মোহাম্মদ রিজওয়ান
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগে প্লাটিনাম ক্যাটাগরিতে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, আবরার আহমেদ ও হাসান আলিকে ধরে রেখেছে তাদের দল। কিন্তু অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ছেড়ে দিয়েছে মুলতান সুলতান্স।
মুলতান একমাত্র দল যারা কোনো খেলোয়াড়কে ধরে রাখেনি।
অন্যদিকে, পেশাওয়ার জালমি, লাহোর কালান্দার্স, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংস চারজন করে খেলোয়াড় ধরে রেখেছে। ইসলামাবাদ ইউনাইটেড তিনজন খেলোয়াড় ধরে রেখেছে।
নতুন দুই দল—শিয়ালকোট স্ট্যালিয়ন্স ও হায়দরাবাদ—আগামী শনিবারের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের নাম জানাতে পারবে। ১১ ফেব্রুয়ারি নিজেদের ইতিহাসে প্রথমবার নিলাম করবে পিএসএল।
লাহোর আফ্রিদি ছাড়াও আব্দুল্লাহ শাফিক, সিকান্দার রাজা ও মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে। কোয়েটার প্রথম দুই পছন্দ ছিল স্পিনার আবরার ও উসমান তারিক। তারা হাসান নাওয়াজ ও শামিল হুসাইনকেও ধরে রেখেছে।
পেশাওয়ার বাবরের পাশাপাশি সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ ও আলি রাজাকে ধরে রেখেছে। ইসলামাবাদ ধরে রেখেছে শাদাব, সালমান ইরশাদ ও আন্দ্রিয়েস হাউসকে। করাচি কিংস অভিজ্ঞ পেসার হাসানের সঙ্গে আব্বাস আফ্রিদি, খুশদিল শাহ ও সাদ বেগকে ধরে রেখেছে।
ধরে রাখা ও নিলামের মাধ্যমে কেনা—দুই ধরনের খেলোয়াড়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি হবে দুই বছরের জন্য। প্রতিটি দল ১৬–২০ জন খেলোয়াড় নেবে, এর মধ্যে ৫–৭ জন হবে বিদেশি এবং অবশ্যই একজন অনূর্ধ্ব-২৩ বছর বয়সী ক্রিকেটার থাকতে হবে।
নিলামের বাইরে সরাসরি একজন খেলোয়াড় নেওয়ার সুযোগও রাখা হয়েছে। এই নিয়ম অনুযায়ী শিয়ালকোট স্টিভেন স্মিথকে দলে নিয়েছে। প্রতিটি দলের নিলামের বাজেট ৪৫ কোটি রূপি, যা বাড়িয়ে ৫০ কোটি ৫০ লাখ রূপি পর্যন্ত নেওয়া যাবে।