দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবার ১৭১ জনকে ‘ক্রীড়া কার্ড’ প্রদান করেছে। এই তালিকায় রয়েছেন শেখ মোরসালিন, ঋতুপর্ণা চাকমা ও রোমান সরকারের মতো দেশসেরা অ্যাথলেটরা। দ্বিতীয় দফায় এই কার্ড হস্তান্তরের মধ্য দিয়ে সরকারের বিশেষ এই উদ্যোগটি আরও একধাপ এগিয়ে গেল।
রোববার পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে কার্ড ও এক লাখ টাকা করে ভাতার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর আগে প্রথম দফায় ১২৯ জনকে এই কার্ড দেওয়া হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদ এই সুবিধার আওতায় এলেন।
সরকারের এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস লুকাতে পারেননি জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন, এই সম্মান দেশের জন্য নিজের সেরাটা দেওয়ার অনুপ্রেরণা জোগাবে।
মোরসালিন বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। তাদের এই বলিষ্ঠ পদক্ষেপ দেশের অ্যাথলেটদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দিচ্ছে। এই উদ্যোগ আমাদের বড় স্বপ্ন দেখতে এবং দেশের হয়ে জানপ্রাণ দিয়ে লড়তে উৎসাহিত করবে।”
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার এই বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে মাসিক ভাতার এই আওতায় আনার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। উল্লেখ্য, গত ৩০ মার্চ ১২৯ জন খেলোয়াড়ের হাতে কার্ড তুলে দিয়ে এই প্রশংসনীয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।