আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বাংলাদেশের জন্য এল জোড়া সুসংবাদ। মঙ্গলবার প্রকাশিত আইসিসির সর্বশেষ তালিকায় শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছেলেদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে, কেবল ছেলেরাই নয়, নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে বাংলাদেশের মেয়েরাও। ৫ রেটিং পয়েন্ট বেড়ে যাওয়ায় ১০ নম্বরে থাকা বাংলাদেশ নারী দল এখন নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে; দুই দলের ব্যবধান এখন মাত্র ১ পয়েন্টের।
আইসিসির এই বার্ষিক হিসেবে মূলত ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ এবং এর আগের দুই বছরের ম্যাচের ৫০ শতাংশ পয়েন্ট বিবেচনা করা হয়েছে। এই হিসেবের গ্যাঁড়াকলে পড়ে ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে শ্রীলঙ্কা, যার ফলে তারা নবম স্থানে নেমে গেছে। বর্তমানে লঙ্কানদের ঠিক এক পয়েন্ট পেছনে দশম স্থানে অবস্থান করছে আফগানিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেও দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে তাদের ব্যবধান ১৪ থেকে কমে ১৩-তে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া ২৫৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। শীর্ষ সাতটি অবস্থানে কোনো নড়চড় হয়নি; নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে চতুর্থ থেকে সপ্তম স্থানে রয়েছে।
নারী ক্রিকেটের শীর্ষ ১৬টি অবস্থানে কোনো পরিবর্তন না হলেও রেটিং পয়েন্টে লড়াই জমে উঠেছে। ২৮৭ পয়েন্ট নিয়ে রাজত্ব করছে অস্ট্রেলিয়া, এরপরই ইংল্যান্ড ও ভারতের অবস্থান। সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কা এখন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে।
এবারের হালনাগাদে সবচেয়ে বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র; তারা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে টপকে ১৩তম স্থানে উঠে এসেছে। এছাড়া নেপাল ও ওমানও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। তবে ম্যাচ সংখ্যার শর্ত পূরণ করতে না পারায় ফিজি, গাম্বিয়া, গ্রিস ও ইসরায়েল পুরুষ র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। বর্তমানে ৯৮টি পুরুষ দল এবং ৭৮টি নারী দল আইসিসি র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে।