দুই ম্যাচ টেস্ট সিরিজের লড়াইয়ে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। গত দুই দিন ধরে তারা ঘাম ঝরানো অনুশীলনও চালিয়েছে। আগামী ৮ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৬ মে থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চায়ের দেশ সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীদের জন্য এবার দারুণ এক সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের দুটি ম্যাচই মাঠে বসে বিনামূল্যে দেখার সুযোগ পাবে তারা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, শিক্ষার্থীরা যদি নিজ নিজ স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসে, তবে স্টেডিয়ামের নির্দিষ্ট গ্যালারিতে বসে বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবে।
এই সুবিধা কেবল স্কুলের শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীদের জন্যও প্রযোজ্য হবে। তবে একাডেমির ক্ষুদে ক্রিকেটারদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে মাঠে আসতে হবে।
টিকিটের দামের ক্ষেত্রেও দর্শকদের নাগালের মধ্যেই রেখেছে বিসিবি। মিরপুরে প্রথম টেস্টে ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম মাত্র ৫০ টাকা। এছাড়া ক্লাব হাউস ২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০ টাকা এবং ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। সরাসরি গ্যালারিতে বসে খেলা দেখতে আগ্রহীরা gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে নিজেদের টিকিট সংগ্রহ করতে পারবেন।