মিরপুর টেস্টের মাঠের এক প্রান্তে সাজানো তিনটি চকচকে ই-বাইক। পাকিস্তান সিরিজের দুই টেস্টের সেরা দুই খেলোয়াড় পাবেন দুটি, আর সিরিজ সেরা পাবেন অন্যটি। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজেও সেরা ক্রিকেটার পেয়েছিলেন এমন একটি বাইক। তবে সামনে অপেক্ষা করছে আরও বড় চমক; অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে সেরা ক্রিকেটারের জন্য থাকছে আস্ত একটি চেরি ব্র্যান্ডের গাড়ি।
সোমবার মিরপুর টেস্টের লাঞ্চ বিরতিতে বিসিবি ও চেরি বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পাবেন এই আকর্ষণীয় পুরস্কার।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, বড় বড় ব্র্যান্ডের পুনরায় বিসিবির সঙ্গে যুক্ত হওয়া ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা। তিনি বলেন:
“আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। চেরির মতো ব্র্যান্ড বিসিবির সাথে যুক্ত হওয়া মানে হলো—গত এক-দেড় বা দুই বছরে বোর্ডের ভাবমূর্তির যে ক্ষতি হয়েছিল, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। গত সিরিজ থেকেই কিছু কোম্পানি আসা শুরু করেছে, যা বিসিবির জন্য দারুণ ইতিবাচক।”
তামিম আরও যোগ করেন, এ ধরনের উদ্যোগ ক্রিকেটারদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের সেরা হয়ে ই-বাইক জিতেছিলেন পেসার শরিফুল ইসলাম। তবে জাতীয় দলের হয়ে গাড়ি জেতার স্মৃতিটা বেশ পুরনো। তামিম স্মৃতি হাতড়ে জানালেন, সবশেষ ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সিরিজে তার বড় ভাই নাফিস ইকবাল গাড়ি জিতেছিলেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে সাকিব আল হাসানকে দ্বিতীয় বিপিএলে গাড়ি উপহার পেতে দেখা গিয়েছিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে মিশন শুরু হবে আগামী ৯ জুন, আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন থেকে।