বিশ্বকাপের আগে নির্ভরযোগ্য উইঙ্গার নিকো উইলিয়ামসের চোট নিয়ে স্পেন শিবিরে যে দুশ্চিন্তা দেখা দিয়েছিল, তা ২৪ ঘণ্টার ব্যবধানে অনেকটাই কেটে গেছে। ‘দা অ্যাথলেটিক’-এর খবর অনুযায়ী, চোট কাটিয়ে বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন আথলেতিক বিলবাওয়ের এই তারকা।
গত রোববার লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ২৩ বছর বয়সী নিকো। প্রথমার্ধের ৩৬তম মিনিটে যন্ত্রণাকাতর অবস্থায় তাকে মাঠ ছাড়তে দেখলে শঙ্কা জাগে যে, হয়তো আসন্ন বিশ্বকাপে আর খেলা হবে না তার। তবে বিলবাও জানিয়েছে, তার বাঁ পায়ে ‘মাঝারি মাত্রার হ্যামস্ট্রিং’ ইনজুরি ধরা পড়েছে।
অ্যাথলেটিকের প্রতিবেদন বলছে, এই চোট কাটিয়ে উঠতে নিকোর প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগবে। এর ফলে চলতি মৌসুমে বিলবাওয়ের হয়ে বাকি তিনটি ম্যাচে তিনি মাঠে নামতে পারছেন না। তবে সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের আগে আগামী ৪ জুন ইরাকের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচ দিয়েই ফিরতে পারবেন এই উইঙ্গার।
আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে স্পেন। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।
ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা স্পেন এবারও শিরোপার অন্যতম দাবিদার। ২০২৪ সালে স্পেনের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নিকো জাতীয় দলের হয়ে ৩০ ম্যাচে দুটি গোল করেছেন। চলতি মৌসুমে বিলবাওয়ের হয়েও তিনি ছন্দে আছেন; ৩২ ম্যাচে করেছেন ৬ গোল ও ৭টি অ্যাসিস্ট। স্পেনের আরেক বড় তারকা লামিনে ইয়ামালও বর্তমানে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে রয়েছেন।