BN

পাহাড়সম লক্ষ্যের পরও আরও রান চেয়েছিল বাংলাদেশ

পাহাড়সম লক্ষ্যের পরও আরও রান চেয়েছিল বাংলাদেশ

১৩৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পর ক্লান্ত মুশফিকুর রহিম শেষ বিকেলে আর

১৩৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পর ক্লান্ত মুশফিকুর রহিম শেষ বিকেলে আর ফিল্ডিংয়ে নামেননি। তবে দিনের খেলা শেষ হতেই তাঁকে দেখা গেল মাঠে। সতীর্থদের কেউ কেউ তাঁর পিঠ চাপড়ে দিচ্ছিলেন, তিনি সবার সঙ্গে হাত মেলাচ্ছিলেন, কাউকে আবার পরম মমতায় বুকে জড়িয়ে নিচ্ছিলেন। মাঠ ছাড়ার সময় বাংলাদেশ দলের সবার মুখেই ছিল চওড়া হাসি। জয়ের সুবাসটা যে তাঁরা এখনই পেতে শুরু করেছেন, তা স্পষ্ট।

তবে ড্রেসিংরুমের এই হাসিখুশি পরিবেশের আড়ালে একটা সূক্ষ্ম আক্ষেপও লুকিয়ে আছে। রানটা যে আরও বেশি হলো না!

অবশ্য স্কোরবোর্ডে যা জমা হয়েছে, তা-ই ক্রিকেট ইতিহাসের যেকোনো দলের জন্য আজীবন অধরা থেকে গেছে। সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে এত রান তাড়া করে জেতার কোনো রেকর্ড নেই। তার পরও বাংলাদেশ দলের ভাবনায় যেন আরও বড় কিছুর ক্ষুধা।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্পিনার তাইজুল ইসলামও অকপটে বললেন যে তাঁরা স্কোরটা আরও বড় করতে চেয়েছিলেন, “এখানে সন্তুষ্টির কোনো বিষয় নেই। আমাদের ইনিংসটা আরেকটু লম্বা করতে পারলে হয়তো দলের জন্য আরও ভালো হতো। উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। আমরা যদি শেষ দিকে আরেকটু ভালো জুটি গড়তে পারতাম, তবে দারুণ হতো।”

তাইজুল আরও যোগ করেন, “আমরা যদি স্কোরবোর্ডে আরও ২০, ৩০ বা ৪০ রান যোগ করতে পারতাম, দলের জন্য ভালো হতো। অবশ্য এখানে হতাশার কিছু নেই। কারণ, সবসময় যে সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী শতভাগ মিলবে, এমনটাও নয়। কিছু কিছু ক্ষেত্রে এমনটা হতেই পারে। তার পরও আমার মনে হয়, এই জায়গায় আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে।”

দলের লক্ষ্য আরও বড় করার পেছনে তাইজুল নিজে অবশ্য ব্যাট হাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আসল কাজ বোলিংয়ে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখছেন নিয়মিত। প্রথম ইনিংসে লিটন দাসের সঙ্গে ৬০ রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকের সঙ্গে যোগ করেন মূল্যবান ৭৭ রান।

বাংলাদেশের সফলতম এই টেস্ট স্পিনার নানা সময়েই ব্যাট হাতে লোয়ার-অর্ডারে দারুণ নির্ভরতা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার জানালেন, ব্যাটিংয়ের সময় মনের ভেতর একটা আলাদা তাগিদ অনুভব করেন তিনি, “আমি যেটুকুই ব্যাটিং পারি বা করি… আসলে আমার স্কিল কতটা ভালো, তা আমি জানি না। তবে আমার মনের মধ্যে একটা সাহস কাজ করে যে, আমি পারব। আমার সঙ্গে যদি স্বীকৃত ব্যাটসম্যান থাকে, তবে আমি চেষ্টা করি তার সঙ্গে কত লম্বা জুটি গড়ে স্কোরটা বাড়ানো যায়।”

নিজের ব্যাটিং দর্শন নিয়ে তিনি আরও বলেন, “আমি ভাবি যতক্ষণ ক্রিজে টিকে থেকে রান করতে পারব, ততই দলের লাভ। সেদিক দিয়ে নিজের ভেতরে ‘ব্যাটসম্যান-ব্যাটসম্যান’ একটা ফিল আসে আর কী। আসলে অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এই সময়ে এসেও যদি দলকে অন্তত ২০-৩০ রান না দিতে পারি, তবে সেটা নিজের বড় ব্যর্থতা।”

ব্যাট হাতে নিজের দায়িত্বটা তাইজুল দারুণভাবে পালন করেছেন। এবার আসল কাজ অর্থাৎ বোলিংয়ে চকম দেখানোর পালা। পাকিস্তানের সামনে বিশ্বরেকর্ড গড়ার পাহাড়সম চ্যালেঞ্জ থাকলেও, উইকেট এখনো ভালো থাকায় বোলারদের কাজটা খুব একটা সহজ হবে না বলেই মনে করেন তিনি, “যতই চতুর্থ ইনিংস হোক না কেন, উইকেট এখনো যথেষ্ট ভালো। তবে দিনশেষে ওদের লক্ষ্যটাও মাথায় রাখতে হবে। ওরা যখন এই ৪৩৭ সংখ্যাটা দেখবে, তখন মানসিকভাবে এমনিতেই চাপে থাকবে। উইকেট যেমনই হোক, আমাদের লাইনে লিনে ডিসিপ্লিনড বোলিং করতে হবে। এখানে যারা ধৈর্য ধরে ভালো করবে, ম্যাচ তাদের দিকেই হেলে পড়বে।”

প্রথম ইনিংসে বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ নিয়েছিলেন ৫টি উইকেট, আর দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল মিলে ভাগ করেছিলেন বাকি ৫টি উইকেট। শেষ ইনিংসেও স্পিনারদের সেই চেনা ভূমিকাই দেখছেন তাইজুল, “আমাদের স্পিনারদের ভূমিকা গত ইনিংসের মতোই থাকবে—যতটুকু সম্ভব রান আটকে রেখে উইকেট তুলে নেওয়া। এখানে আসলে আলগা বল করে রান দেওয়া যাবে না। উইকেট এখনো ভাঙেনি, তাই আমাদের নিজেদের জায়গায় অনড় থেকে সুশৃঙ্খল বোলিং করে যেতে হবে।”

সর্বশেষ সংবাদ

টানা পঞ্চম বিশ্বকাপ খেলার হাতছানিতে আরও এক ধাপ এগিয়ে

জাতীয় দলের কোচ নিয়োগের প্রতিশ্রুত সময় ১৫ মে পেরিয়ে

পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন ইংল্যান্ডের সাবেক

ফুটবল

টানা পঞ্চম বিশ্বকাপ খেলার হাতছানিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন

ফুটবল

জাতীয় দলের কোচ নিয়োগের প্রতিশ্রুত সময় ১৫ মে পেরিয়ে যাওয়ার

ক্রিকেট

পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

ক্রিকেট

চলতি সিরিজে এখন পর্যন্ত ৪০০ রানের গণ্ডি স্পর্শ করতে পারেনি