টানা পঞ্চম বিশ্বকাপ খেলার হাতছানিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন লুকা মদ্রিচ। উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য এই কিংবদন্তি মিডফিল্ডারের পাশাপাশি অভিজ্ঞ ফরোয়ার্ড ইভান পেরিসিচের ওপরও পূর্ণ আস্থা রেখেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
আসন্ন বিশ্বকাপের জন্য সোমবার ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন দালিচ, সেই সাথে সাতজন ফুটবলারকে স্ট্যান্ড-বাই হিসেবে রেখেছেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে ৪০ বছর বয়সী মদ্রিচ ক্যারিয়ারের টানা পঞ্চম বিশ্বকাপে মাঠে নামবেন। ২০০৬ আসর দিয়ে বিশ্বমঞ্চে অভিষেক হয়েছিল তাঁর। এরপর ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁরই। সেবার ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে ক্রোয়াটদের শিরোপার স্বপ্ন ভাঙলেও মদ্রিচ জিতে নিয়েছিলেন ফুটবল বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ব্যালন দ’র।
গত কাতার বিশ্বকাপেও মদ্রিচের নেতৃত্বে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। এবার তাঁর সামনে আরও একবার দেশকে বিশ্বমঞ্চে বড় কিছু উপহার দেওয়ার চ্যালেঞ্জ। দেশের হয়ে এখন পর্যন্ত ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মদ্রিচের সামনে সুযোগ থাকছে ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করার।
অন্যদিকে ৩৭ বছর বয়সী পেরিসিচ খেলতে যাচ্ছেন নিজের চতুর্থ বিশ্বকাপ। এখন পর্যন্ত দেশের হয়ে ১৫২টি আন্তর্জাতিক ম্যাচে ৩৮টি গোল করেছেন তিনি। ক্রোয়েশিয়ার জার্সিতে এক শর বেশি ম্যাচ খেলা ফুটবলারদের মধ্যে এই স্কোয়াডে আরও আছেন ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচ (১১৪ ম্যাচ) ও মিডফিল্ডার মাতেও কোভাচিচ (১১১ ম্যাচ)।
মেজর লিগ সকারে (এমএলএস) ডালাসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার পেতার মুসাও ডাক পেয়েছেন দল। চলতি মরসুমে এমএলএসে ইতিমধ্যেই ১২টি গোল করেছেন তিনি, যা লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মুসা এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে একটি গোল করেছেন। কলম্বো ও ব্রাজিলের বিপক্ষে ক্রোয়েশিয়ার সবশেষ দুটি প্রীতি ম্যাচেও তিনি দলের হয়ে মাঠে ছিলেন।
এদিকে চোটের কারণে চলতি মরসুমের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটাতে হয়েছে ইয়াশকো ভার্দিওলকে। তবে গত বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার মাঠে ফেরায় স্বস্তি ফিরেছে ক্রোয়াট শিবিরে। ২৪ বছর বয়সী এই তারকা ডিফেন্ডারকেও রাখা হয়েছে বিশ্বকাপের চূড়ান্ত দলে। দেশের হয়ে ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ভার্দিওল ২০২২ কাতার বিশ্বকাপের সবগুলো ম্যাচ খেলার পাশাপাশি ২০২৪ ইউরোতেও দলের রক্ষণভাগের মূল ভরসা ছিলেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়েছে ক্রোয়েশিয়া। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের অভিযান শুরু করবে তারা। এরপর ২৪ জুন পানামা এবং ২৭ জুন গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে ক্রোয়াটরা।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল
- গোলরক্ষক: দমিনিক লিভাকোভিচ, দমিনিক কোতার্সকি, ইভর পান্দুর
- ডিফেন্ডার: ইয়োশকো ভার্দিওল, চালেতা-চার, ইয়োসিপ সুতালো, ইয়োসিপ স্তানিসিচ, মারিন, মার্তিন এর্লিচ, লুকা ভুসকোভিচ
- মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লুকা সুচিচ, মার্তিন বাতুরিনা, ক্রিস্তিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, তনি ফ্রুক
- ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেই ক্রামারিচ, আন্তে বুদিমির, মার্কো পাসালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ