ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দলে থাকা ধানাঞ্জায়া ডি সিলভা শেষ পর্যন্ত জায়গা হারালেন। তার বদলে দ্রুতই শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরে এলেন কামিন্দু মেন্ডিস। এই অলরাউন্ডারকে রেখেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সোমবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট। ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান ধানাঞ্জায়া ডি সিলভা। একই সঙ্গে চূড়ান্ত দলে জায়গা হয়নি পেসার প্রামোদ মাদুশানেরও।
দলে কামিন্দু মেন্ডিসের ফেরাটাই সবচেয়ে বড় চমক। যদিও তিনি বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন, তবে গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে একাদশে সুযোগ পাননি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকেও বাদ পড়েন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
পাকিস্তান ও ইংল্যান্ড সিরিজ মিলিয়ে তিন ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশা পূরণে ব্যর্থ ধানাঞ্জায়ার জায়গাতেই মূলত কামিন্দুকে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টিতে কামিন্দুর সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা উজ্জ্বল নয়। শ্রীলঙ্কার হয়ে শেষ দুই ইনিংসে তিনি করেছেন মোটে ১৫ রান। গত ডিসেম্বরে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে দুই ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ২০ রান। তবে আশার কথা, ডিসেম্বরের শেষ দিকে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ ম্যাচে তিনি তুলে নেন একটি সেঞ্চুরি।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কাঁধে চোট পাওয়া ইশান মালিঙ্গাকেও চূড়ান্ত দলে রাখা হয়েছে। যদিও বিশ্বকাপের শুরুতে ২৪ বছর বয়সী এই পেসারের খেলা নিয়ে শঙ্কা রয়ে গেছে।
ইংল্যান্ড সিরিজ দিয়েই দলে ফেরা টপ অর্ডার ব্যাটসম্যান পাভান রাত্নায়েকে নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন।
২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আগামী রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘বি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুসাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রাত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।