উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচেও শেষ ওভারের উত্তেজনায় জয় তুলে নিল বাংলাদেশ ‘এ’ দল।
জিততে শেষ ওভারে দরকার ছিল ১২ রান—নারী ক্রিকেটে যা সহজ কাজ নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও কঠিন। কিন্তু সেই কঠিন সমীকরণই অনায়াসে মেলালেন ফারজানা ইয়াসমিন। ফানিতা মায়ার টানা দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। পরের বলেই আউট হলেও ততক্ষণে মূল কাজটা সেরে ফেলেছিলেন।
ফারজানার ঝড়ো ক্যামিওতে থাইল্যান্ড জাতীয় দলকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ ‘এ’। আগের ম্যাচেও শেষ ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছিল তারা।
সোমবার ব্যাংককে থাইল্যান্ড ২০ ওভারে তোলে ১০৩ রান। জবাবে বাংলাদেশ ‘এ’ ১ বল হাতে রেখেই পৌঁছে যায় লক্ষ্যে।
ট্রেডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে বড় কোনো জুটি গড়তে পারেনি থাইল্যান্ড। দলের সেরা তারকা নাত্থাকান চান্থাম ৩৪ বলে করেন ২৪ রান। তিন নম্বরে নামা নানাপাত কোঞ্চারুইনকাই ৩৮ বলে ৩৪ রান করেন।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ ওভার শেষে থাইল্যান্ডের সংগ্রহ ছিল মাত্র ৬৮। শেষদিকে ওনিচা কামচম্ফু ১০ বলে ১৭ ও ফানিতা মায়া ৮ বলে ১২ রান করলে কোনোভাবে শতরান পার করে স্বাগতিকরা। শেষ ৪ ওভারে আসে ৩৫ রান।
বাংলাদেশের হয়ে অধিনায়ক ফাহিমা খাতুন ও অফ স্পিনার শরিফা খাতুন দুটি করে উইকেট নেন।
১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ৪ ওভারের মধ্যে হারায় ৩ উইকেট। এরপর চতুর্থ উইকেটে অভিজ্ঞ শামিমা সুলতানা ও লতা মন্ডল মিলে যোগ করেন ৪৫ রান।
২৯ বলে ২৬ রান করে ফেরেন শামিমা। ফাহিমা করেন ১৬ বলে ১২। সপ্তম ব্যাটার হিসেবে নেমে ফারজানা মারেন দুটি বাউন্ডারি। তবে একপ্রান্তে লতা ৪০ বলে ৩০ রান করে শেষের আগের ওভারে আউট হলে আবারও চাপে পড়ে দল।
শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন শরিফা। এরপরই ফারজানার সেই চার ও ছক্কা। পরের বলেই তিনি আউট হন। নতুন ব্যাটার জান্নাতুল ফেরদৌস সুমনা প্রথম বলেই রান নিয়ে নিশ্চিত করেন জয়।
ম্যাচসেরা ফারজানা বলেন, বল হাতে খরুচে হলেও সতীর্থদের সমর্থন তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে ব্যাট হাতে।
“প্রথম ইনিংসে আমরা বোলিং পেয়েছি, তখন আমার বোলিং খারাপ হয়েছে। তখন আমার অধিনায়ক, সতীর্থ যারা ছিলেন, অনেক সাপোর্ট করেছেন যে, আমার একটা পার্টই নয়, তিনটা পার্ট আছে, ফিল্ডিং আছেন, ব্যাটিং আছে এখনও। উনাদের সাপোর্টে ব্যাটিং ভালো হয়েছে আমার।”
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’।
সংক্ষিপ্ত স্কোর
- থাইল্যান্ড ‘এ’: ২০ ওভারে ১০৩/৯
- বাংলাদেশ ‘এ’: ১৯.৫ ওভারে ১০৪/৭