ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৪ রানের জয় তুলে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ব্যাট হাতে উইল জ্যাকসের ঝড়ো ফিফটি আর শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিং—এই দুইয়ের সমন্বয়েই সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ইংলিশরা।
কলকাতায় সোমবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ২০২ রান তোলে ইংল্যান্ড। জবাবে ইতালি থামে ১৭৮ রানে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ষষ্ঠবারের মতো দুইশ ছাড়ানো সংগ্রহ—এক আসরে এতবার ২০০ পার হওয়ার ঘটনা এর আগে দেখা যায়নি।
ইংল্যান্ডের ইনিংসের নায়ক জ্যাকস। মাত্র ২২ বলে চার ছক্কা ও তিন চারে অপরাজিত ৫৩ রান করেন তিনি। বল হাতেও অবদান রেখে নেন একটি উইকেট। তিনটি করে উইকেট শিকার করেন জেমি ওভারটন ও স্যাম কারান।
অনেকে ভেবেছিলেন প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা ইতালিকে সহজেই উড়িয়ে দেবে শক্তিশালী ইংল্যান্ড। বিশেষ করে ২২ রানে ৩ উইকেট হারানোর পর সেই ধারণাই জোরালো হয়। কিন্তু বেন মানেন্তি ও গ্রান্ট স্টুয়ার্টের ব্যাটে দারুণ লড়াই গড়ে তোলে ইউরোপের দলটি।
২৫ বলে ছয় ছক্কা ও চার চারে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মানেন্তি। জাস্টিন মোসকার সঙ্গে ৪৮ বলে ৯২ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান ইতালিকে। শেষ চার ওভারে যখন প্রয়োজন ৬৪ রান, তখন স্টুয়ার্ট ঝড় তোলেন। জফ্রা আর্চার ও আদিল রাশিদের ওভারে ছক্কার ফুলঝুরি ছোটান তিনি।
তবে শেষ দুই ওভারে ৩০ রানের সমীকরণ আর মেলাতে পারেনি ইতালি। উনিশতম ওভারে মাত্র ৫ রান দিয়ে স্টুয়ার্টকে ফেরান কারান। ২৩ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৪৫ রান করেন স্টুয়ার্ট। শেষ ওভারে কোনো রান না দিয়েই জোড়া উইকেট নেন ওভারটন।
ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। ফিল সল্টের ব্যাটে দ্রুত শুরু পেলেও জস বাটলার (৩) দ্রুত বিদায় নেন। পাওয়ার প্লের শেষদিকে সল্টও (২৮) আউট হন। জেকব বেথেল, হ্যারি ব্রুক ও টম ব্যান্টন শুরু পেলেও বড় করতে পারেননি ইনিংস।
এরপর কারানকে সঙ্গে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন জ্যাকস। পঞ্চদশ ওভারে প্রথম বাউন্ডারি মারেন তিনি, এরপর গতি বাড়ান। ২১ বলেই ফিফটি পূর্ণ করেন জ্যাকস—টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে যা দ্রুততম। আগের রেকর্ড ছিল ওয়েন মরগান ও জস বাটলারের ২৫ বলের ফিফটি।
ইতালির রান তাড়ার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। আর্চারের প্রথম ওভারেই দুই উইকেট পড়ে যায়। পরে মানেন্তি-মোসকা জুটি ঘুরে দাঁড়ানোর আশা জাগালেও মাঝের ওভারগুলোতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। শেষদিকে স্টুয়ার্ট ঝড় তুলেও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেননি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইতালি।
সংক্ষিপ্ত স্কোর
- ইংল্যান্ড: ২০২/৭ (২০ ওভার)
- ইতালি: ১৭৮ (২০ ওভার)
ফল: ইংল্যান্ড ২৪ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: উইল জ্যাকস