সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন, জাতীয় স্বার্থে কৃত্রিম আলোর ব্যবহার কমিয়ে আনতে তারা এই সিরিজে ফ্লাডলাইটের ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে চান। এবার সেই পরিবর্তিত সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী সোমবার বাংলাদেশে পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ দিয়ে আগামী শুক্রবার থেকে শুরু হবে মূল লড়াই। আগে ওয়ানডে ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তা শুরু হবে সকাল ১১টায়। এতে করে পুরো ১০০ ওভার খেলা হলেও সন্ধ্যা ৭টার মধ্যেই ম্যাচ শেষ হয়ে যাবে। আগের সূচিতে খেলা শেষ হতে রাত ১০টা বেজে যেত।
অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো নিয়ে বড় পরিবর্তন এসেছে। সন্ধ্যা ৬টার পরিবর্তে ম্যাচগুলো এখন শুরু হবে দুপুর ২টায়। খেলা শেষ হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৫টা ১০ মিনিট। এর ফলে পুরো ম্যাচটিই দিনের আলোয় সম্পন্ন করা সম্ভব হবে এবং ফ্লাডলাইটের প্রয়োজন প্রায় পড়বেই না।
বিসিবির অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, “বাংলাদেশ সরকার আমাদের বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহ দিচ্ছে। জাতি হিসেবে আমাদের সবারই এখানে ভূমিকা রাখার সুযোগ আছে। সেই চিন্তা থেকেই আমরা নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব কৃত্রিম আলো এড়িয়ে চলা।”
তিনি আরও যোগ করেন, “ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা এবং টি-টোয়েন্টি দুপুর ২টা থেকে শুরু করার কারণ হলো, ফ্লাডলাইটের ব্যবহার যতটুকু কমানো যায়। সরকার যখন সাশ্রয়ী হওয়ার আহ্বান জানাচ্ছে, তখন ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদেরও উচিত নিজেদের অবস্থান থেকে সহায়তা করা।”