২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করার সেই ঐতিহাসিক স্মৃতি এখন অতীত। মাঠের লড়াইয়ে নামার আগে সেই সাফল্য নিয়ে পড়ে থাকতে নারাজ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। রাওয়ালপিন্ডির সেই ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্মৃতি ঝালিয়ে না নিয়ে বরং মিরপুরে নতুন ইতিহাস লিখতে চান তিনি।
প্রায় ২০ মাস আগের সেই অভাবনীয় সাফল্য বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হয়ে আছে। তবে ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে সিমন্স সাফ জানিয়ে দিলেন যে সেই পরিসংখ্যান এখন কেবলই ইতিহাস। বুধবার মিরপুরে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে কোচ বলেন, “২০২৪ সাল এখন ইতিহাস। আমাদের লক্ষ্য এখন শুক্রবারের ম্যাচ ঘিরে। অতীতে কী হয়েছিল তা এখন আর কোনো গুরুত্ব রাখে না, আমরা নতুন কিছু করতে চাই।”
সিমন্স মনে করেন, আগের জয়ের স্মৃতি হয়তো মনে কিছুটা আত্মবিশ্বাস জোগাতে পারে, কিন্তু কন্ডিশন আর পরিস্থিতি এখন একদমই আলাদা। তাঁর মতে, ড্রেসিংরুমের ভেতরে প্রত্যাশার চাপের চেয়ে বাইরের মানুষের আর মিডিয়ার প্রত্যাশার চাপটাই বেশি। দলের খেলোয়াড়দের ওপর থেকে সেই বাড়তি চাপ সরিয়ে রাখতে চান তিনি। সিমন্সের ভাষায়, “বাইরের প্রত্যাশা আমাদের কোনো কাজে আসবে না, তাই আমরা চেষ্টা করি ওসব ড্রেসিংরুমের বাইরেই রাখতে।”
টানা সাদা বলের ক্রিকেট খেলার পর হঠাৎ টেস্ট ফরম্যাটে মানিয়ে নেওয়াটা ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে কোচ বিষয়টিকে দেখছেন মানসিকভাবে মানিয়ে নেওয়ার লড়াই হিসেবে। তাঁর মতে, দলের অনেকেই বেশ কিছুদিন ধরে লাল বলে অনুশীলন করছেন, তাই এই পরিবর্তন খুব একটা কঠিন হবে না।
অন্যদিকে পাকিস্তান দলও তাদের সেই লজ্জাজনক হারের স্মৃতি ভুলে যেতে মরিয়া। দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা পেসার শাহীন শাহ আফ্রিদি স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর লক্ষ্য কেবল এই সিরিজ নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। শাহীন বলেন, “অতীত তো অতীতই। আমরা বর্তমানে ফোকাস করছি। আমাদের লক্ষ্য অনেক বড় এবং দল হিসেবে আমরা সেটার জন্য তৈরি।”