মিরপুরে পাকিস্তানের ইনিংস যখন বেশ জাঁকিয়ে বসেছে, ঠিক তখনই হানা দিল বৃষ্টি। মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পরপরই খেলা বন্ধ হয়ে যায়। এর আগে তাইজুল ইসলামের বলে শট খেলতে গিয়ে মাহমুদুল হাসান জয়ের দারুণ এক ক্যাচে সাজঘরে ফেরেন রিজওয়ান।
তাইজুল আক্রমণে আসার পর থেকেই রিজওয়ান যেন কিছুটা অস্থির হয়ে পড়েছিলেন। একবার বল অনেক উপরে তুলে দিলেও আশেপাশে ফিল্ডার না থাকায় সে যাত্রায় বেঁচে যান তিনি। তবে দ্বিতীয়বার আর ভাগ্য সহায় হয়নি। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিড অফের ওপর দিয়ে বড় শট খেলতে চেয়েছিলেন রিজওয়ান, কিন্তু টাইমিংয়ে গড়বড় হওয়ায় বল উঠে যায় আকাশে। জয়ের তালুবন্দি হওয়ার সাথে সাথে ভাঙে ১৫৭ বল স্থায়ী ১১৯ রানের বড় জুটি।
রিজওয়ান আউট হওয়ার পরপরই মিরপুরের আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আকাশ এতটাই অন্ধকার হয়ে যায় যে, ভরদুপুরেই যেন মিরপুরে সন্ধ্যার আবহ তৈরি হয়। আবহাওয়া প্রতিকূল হওয়ায় আম্পায়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত নেন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৮৯.৪ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান তুলেছে পাকিস্তান।