আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনো বেশ সক্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ। তবে খেলোয়াড়ি জীবন পুরোপুরি শেষ করার আগেই ক্যারিয়ারের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন দেশের সাবেক এই অধিনায়ক।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন না হলেও মাহমুদউল্লাহর সঙ্গে বোর্ডের আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। আগামী যুব বিশ্বকাপ পর্যন্ত তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন।
মাঠের খেলা ছাড়ার পর মাহমুদউল্লাহ যে কোচিং পেশায় আগ্রহী হতে পারেন, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। সম্প্রতি বিসিবির তত্ত্বাবধানে তিনি ‘লেভেল থ্রি’ কোচিং কোর্সও সম্পন্ন করেছেন। যুব দলের সঙ্গে তার এই কাজ সরাসরি কোচিং না হলেও, তরুণ ক্রিকেটারদের ক্রিকেটীয় দক্ষতা, মানসিক প্রস্তুতি এবং ব্যক্তিগত শৃঙ্খলার মতো বিষয়গুলো নিবিড়ভাবে শেখানোর দায়িত্বে থাকবেন তিনি।
বর্তমানে মাহমুদউল্লাহ ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন। মূলত ডিপিএল এবং বিপিএলের মাধ্যমেই তার ক্রিকেটীয় সত্তা এখনো টিকে আছে।
৪০ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে এবং ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দেশের ক্রিকেটের অন্যতম এই সফল অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন ৬টি টেস্ট ও ৪৩টি টি-টোয়েন্টিতে।
উল্লেখ্য, ২০২৮ সালের পরবর্তী যুব বিশ্বকাপ বাংলাদেশেই হওয়ার কথা রয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের যাবতীয় কার্যক্রম মূলত বিশ্বকাপকে কেন্দ্র করেই সাজানো হয়। ২০২০ সালে বাংলাদেশ বিশ্বজয় করলেও পরবর্তী আসরগুলোতে সেই সাফল্যের পুনরাবৃত্তি করা সম্ভব হয়নি। চলতি বছরের বিশ্বকাপে টাইগার যুবাদের পথচলা থেমে যায় সুপার সিক্সেই।