আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ তারকাদের ছাড়াই দল সাজিয়েছে ভারত। এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মানব সুথার ও হার্ষ দুবে এবং পেসার গুরনুর ব্রার।
আগামী ৬ জুন নিউ চান্ডিগাড়ে শুরু হবে এই টেস্ট ম্যাচটি। গত নভেম্বরের পর এই প্রথম সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামছে ভারত। একমাত্র টেস্টের পর আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে তারা। দুই সংস্করণের এই লড়াইয়ের জন্যই মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিসিআই।
টেস্ট দলের সহ-অধিনায়কত্বে বড় একটি বদল এনেছে ভারত। ঋষভ পন্তের বদলে অধিনায়ক শুভমান গিলের ডেপুটি বা সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও পেসার আকাশ দীপ। অন্যদিকে গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়ানডে সিরিজের দল থেকে এবার জায়গা হারিয়েছেন ধ্রুব জুরেল, আয়ুশ বাদোনি, পন্ত, জাদেজা, হর্ষিত রানা ও মোহাম্মদ সিরাজ।
দল থেকে বাদ পড়ার পেছনে চোট ও বিশ্রামের বড় ভূমিকা রয়েছে। অলরাউন্ডার জাদেজার সামান্য চোট সমস্যা আছে। আর চোটের কারণে এবারের আইপিএলে খেলতেই পারেননি হর্ষিত রানা ও আকাশ দীপ। এছাড়া টানা খেলার মধ্যে থাকা তারকা পেসার বুমরাহকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
টেস্ট দলের পাশাপাশি ওয়ানডে স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন নতুন মুখ গুরনুর ও হার্ষ। আর ৫০ ওভারের এই সংস্করণে প্রথমবার ডাক পেয়েছেন ডানহাতি পেসার প্রিন্স যাদব। এছাড়া উইকেটকিপার-ব্যাটসম্যান ইশান কিষান ও পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ফেরানো হয়েছে ওয়ানডে দলে।
মাত্র ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ২৫ বছর বয়সী পেসার গুরনুর ব্রার। বিজয় হাজারে ট্রফির গত মরসুমে তিনি ৮ ম্যাচ খেলে ১১টি উইকেট নেন। গত বছর অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে দুটি চার দিনের ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ ৮টি উইকেট শিকার করেছিলেন তিনি।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২টি উইকেট রয়েছে গুরনুরের ঝুলিতে। পাঞ্জাব কিংসের হয়ে এবার আইপিএলে অভিষেক হলেও মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়ে কোনো উইকেট পাননি তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা ১০টি।
অন্য নতুন মুখ ২৩ বছর বয়সী মানব সুথার অবশ্য আরেকটু অভিজ্ঞ। ২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৫.৭৬ গড়ে ১২৯টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ছয়বার পাঁচ উইকেট ও আটবার চার উইকেট নেওয়ার কীর্তি আছে মানবের। লোয়ার-অর্ডারে ব্যাট হাতেও তিনি বেশ কার্যকর। লাল বলের ক্রিকেটে এক সেঞ্চুরি ও ছয় ফিফটিতে তিনি করেছেন ৯৪৫ রান। তিন সংস্করণেই ভারত ‘এ’ দলের নিয়মিত মুখ এই অলরাউন্ডার।
দলের আরেক নতুন মুখ হার্ষ দুবে এখন পর্যন্ত ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩৩টি উইকেট শিকার করেছেন। ইনিংসে ৯ বার পাঁচটি ও ছয়বার চারটি উইকেট নিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩০ ম্যাচে তাঁর প্রাপ্তি ৩১ উইকেট। প্রথম শ্রেণিতে ব্যাট হাতে ৯টি ফিফটিতে ১ হাজার ২৬ রান এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে দুটি ফিফটিতে তাঁর রান ২৯৬।
পেসার প্রিন্স যাদব এখন পর্যন্ত ১৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ২৯টি উইকেট নিয়েছেন। এবারের আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের একাদশে নিয়মিত দেখা গেছে এই বোলারকে। টুর্নামেন্টে ১২ ম্যাচে এখন পর্যন্ত ১৬টি উইকেট নিয়েছেন তিনি। বিশেষ করে বিরাট কোহলিকে বোল্ড করে দারুণ আলোচনায় এসেছিলেন প্রিন্স।
ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে বল হাতে আলো ছড়ানো জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নাবিকে নিয়ে বেশ আলোচনা ছিল। এবারের রঞ্জি ট্রফিতে ৬০টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হওয়া এই ক্রিকেটারকে অবশ্য কোনো সংস্করণের দলেই রাখেনি ভারতের নির্বাচকেরা।
ধর্মশালা, লক্ষ্ণৌ ও চেন্নাইয়ে আগামী ১৪, ১৭ ও ২০ জুন অনুষ্ঠিত হবে ভারত-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।
ভারতের টেস্ট দল
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্ত, দেবদত্ত পাডিক্কাল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মানব সুথার, গুরনুর ব্রার, হার্ষ দুবে, ধ্রুব জুরেল।
ভারতের ওয়ানডে দল
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হার্ষ দুবে।