পিএসভি আইন্দহোভেনের জন্য শিরোপাটা ছিল সময়ের ব্যাপার। আগের দিন নিজেদের ম্যাচে ইউট্রেখটকে ৪-৩ গোলে হারিয়ে তারা ট্রফির একদম হাতছোঁয়া দূরত্বে পৌঁছে গিয়েছিল। অপেক্ষা ছিল নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেইনুর্ডের হোঁচট খাওয়ার। হলোও ঠিক তাই, রোববার টেবিলের নিচের সারির দল ভোলেনডামের মাঠে গোলশূন্য ড্র করে বসল ফেইনুর্ড। আর তাতেই পাঁচ রাউন্ড বাকি থাকতেই ডাচ লিগের চ্যাম্পিয়ন হয়ে গেল আইন্দহোভেন।
২৯ ম্যাচে ২৩ জয় আর দুই ড্র নিয়ে আইন্দহোভেনের সংগ্রহ এখন ৭১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ফেইনুর্ডের চেয়ে তারা পরিষ্কার ১৭ পয়েন্টে এগিয়ে। ডাচ লিগের ইতিহাসে এটি আইন্দহোভেনের টানা তৃতীয় শিরোপা জয়। সব মিলিয়ে তারা এখন ২৭টি লিগ ট্রফির মালিক। ডাচ ফুটবলের ইতিহাসে তাদের চেয়ে বেশি শিরোপা জিতেছে কেবল আয়াক্স আমস্টারডাম, যাদের শোকেসে আছে ৩৬টি ট্রফি।