২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ব্রাজিল দলে ডাক পেয়েই নতুন করে চোটে পড়েছেন নেইমার। ডান পায়ের মাংসপেশির এই চোট বিশ্বকাপের জন্য তাঁর প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
নেইমারের ক্লাব সান্তোসের মেডিকেল বিভাগ গত বুধবার তাঁর এই চোটের খবরটি নিশ্চিত করে। চোটের কারণে ইতিমধ্যেই তিনি সান লরেন্সোর বিপক্ষে সান্তোসের কোপা সুদামেরিকানার ম্যাচটি মিস করেছেন। এমনকি গ্রেমিওর বিপক্ষে আসন্ন লিগ ম্যাচেও তাঁর মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। আগামী বুধবার ব্রাজিল দলে যোগ দেওয়ার কথা রয়েছে এই ফরোয়ার্ডের, তাই তার আগে এখন দ্রুত সেরে ওঠাই তাঁর মূল লক্ষ্য। সান্তোস ও ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)—উভয় পক্ষই এখন তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছে।
তবে সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব অভয় দিয়ে বলেছেন, নেইমারের এই চোট খুব একটা গুরুতর নয়। তাঁর বিশ্বাস, আগামী সপ্তাহে ব্রাজিল স্কোয়াডে যোগ দেওয়ার আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন নেইমার।
গত সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেখানে নেইমার থাকবেন কি না, তা নিয়েই ফুটবলপ্রেমীদের কৌতূহল ছিল সবচেয়ে বেশি। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম ঘোষণা হওয়ামাত্রই চারপাশের ভক্তদের মাঝে উল্লাসের জোয়ার বয়ে যায়। ২০২৩ সালের অক্টোবরে এক মারাত্মক চোটে ছিটকে যাওয়ার পর, দীর্ঘ দিন পর অবশেষে জাতীয় দলে ফিরলেন ১২৮ ম্যাচ খেলা এই জীবন্ত কিংবদন্তি।
কিন্তু দলে ফেরার রেশ কাটতে না কাটতেই নেইমারের এই নতুন চোট আনচেলত্তির সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ ইতালিয়ান এই মাস্টারমাইন্ড আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, বিশ্বকাপে তিনি কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই দলে চান। কোচিং স্টাফদের মূল দুশ্চিন্তা এখন একটাই—এই চোটের কারণে নেইমারের প্রাথমিক অনুশীলনের সূচি এবং আগামী ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে হতে যাওয়া প্রীতি ম্যাচে তাঁর খেলা বাধাগ্রস্ত হবে কি না।
আপাতত দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নিজের ব্যক্তিগত চিকিৎসক দলের সাথে দিনরাত কাজ করে যাচ্ছেন নেইমার।